ঢাবির সমাবর্তনে অংশ নিতে আবেদন শুরু ১ নভেম্বর

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণকারীদের অনলাইন আবেদন কার্যক্রম আগামী ১ নভেম্বর রোববার সকাল ৮টা থেকে শুরু হবে। ৩০ নভেম্বর সোমবার রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত আবেদন করা যাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (https://convocation.du.ac.bd)-এর মাধ্যমে অনলাইনে এই আবেদন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনলাইন আবেদন প্রক্রিয়াটি মোট ৪টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনকারীকে আগামী ৩০ নভেম্বর সোমবার রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে অবশ্যই প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। এ ছাড়া ২ ডিসেম্বর বুধবার রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে অনলাইনে পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতি সমাবর্তনে সভাপতিত্ব করবেন এবং প্রধানমন্ত্রী সমাবর্তনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশন (এসপিএফ)-এর প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি। তাকে সম্মানসূচক ‘ডক্টর অব ল’জ’ ডিগ্রি প্রদান করা হবে। এ ছাড়া সমাবর্তনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ট্রাস্ট ফান্ডের অন্যতম দাতা অধ্যাপক ড. মুহাম্মদ হারুনুর রশিদকে সম্মানসূচক ‘ডক্টর অব সায়েন্স’ ডিগ্রি প্রদান করা হবে। একাডেমিক কাউন্সিলের সুপারিশের আলোকে সিন্ডিকেটের এক সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রসঙ্গত, ২০ নভেম্বর ২০২২ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে প্রকাশিত বিভিন্ন পরীক্ষার ফলাফল অর্জনকারী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। এ ছাড়া ১৪ অক্টোবর ২০২২ থেকে ১৮ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রকাশিত যেসব ফলাফল ৫৩তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, তা ৫৪তম সমাবর্তনে অন্তর্ভুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।
