logo
Advertisement

বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ভোগান্তি কমাতে বাকৃবি শিক্ষার্থীর অ্যাডমিশন হাব

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, বাকৃবি
বিশ্ববিদ্যালয়ে ভর্তি-ভোগান্তি কমাতে বাকৃবি শিক্ষার্থীর অ্যাডমিশন হাব
ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংকট নিরসনে জাহিদুলের ওয়েব প্ল্যাটফর্ম অ্যাডমিশন হাব। ছবি: এশিয়া পোস্ট

বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ভর্তি-সংক্রান্ত সকল সেবা একটি ওয়েবসাইটে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থী মো. জাহিদুল ইসলাম তালুকদার।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সংকট নিরসনে তার উদ্যোগে তৈরি হয়েছে ওয়েব প্ল্যাটফর্ম অ্যাডমিশন হাব। প্ল্যাটফর্মটিতে পরীক্ষার সময়, তথ্য, আবেদন, অ্যাডমিট, ফলাফল, সাবজেক্ট রিভিউ এবং ভর্তি ব্লগ ও গাইড এই মোট ৭ টি প্রধান সুবিধা থাকছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন।

প্ল্যাটফর্মটিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ও সময়সহ সকল তথ্য এক জায়গায় পাওয়া যাবে। পাশাপাশি আবেদনের শুরুর ও শেষ তারিখ, বিভিন্ন বিভাগ বা ইউনিটের আবেদন ফি এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভর্তি বিজ্ঞপ্তি দেখার সুযোগ রয়েছে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য প্ল্যাটফর্মটিতে রয়েছে বিশ্ববিদ্যালয় ও ইউনিটভিত্তিক ভর্তি গাইড। ক্যারিয়ার গড়ার সিদ্ধান্ত নিতে বিশ্ববিদ্যলয়গুলোর সাবজেক্ট রিভিউও রাখা হয়েছে। পাশাপাশি আবেদনে প্রয়োজনীয় ছবি ও স্বাক্ষরের আকার পরিবর্তনের সুবিধা রয়েছে। ঢাকার বিভিন্ন বাসের রুট ও ভাড়ার তথ্য, চলন্ত ট্রেনের বর্তমান অবস্থান ও বিলম্বের তথ্য, মেট্রোরেলের ভাড়ার তালিকা, সময়সূচি ও স্টেশনসংক্রান্ত তথ্য এবং ট্রেনের সময়সূচিও পাওয়া যাবে প্ল্যাটফর্মটিতে।

মো. জাহিদুল ইসলাম তালুকদার এশিয়া পোস্টকে জানান, ভর্তি পরীক্ষার সময় একজন শিক্ষার্থীকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও অন্যান্য প্ল্যাটফর্মে ঘুরে ঘুরে ভর্তি সংক্রান্ত তথ্য খুঁজতে হয়। আমিও এই সমস্যার মুখোমুখি হয়েছিলাম। সেই অভিজ্ঞতা থেকেই এমন একটি প্ল্যাটফর্ম তৈরির চিন্তা আসে, যেখানে একজন শিক্ষার্থী এক জায়গা থেকেই দেশের সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য সহজে পেতে পারে। প্ল্যাটফর্মটির পাশাপাশি বর্তমানে একটি মোবাইল অ্যাপ তৈরির কাজও চলছে।