২১ দিনে জাবির চিকিৎসাকেন্দ্রে সাড়ে ১৯ হাজার ওষুধের গরমিল

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসাকেন্দ্র থেকে ২১ দিনে প্রায় ১৯ হাজার ৫৬৭ ওষুধ লোপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।
মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে জাকসুর সদস্যদের প্রচারিত বার্তার প্রাথমিক পর্যায়ে এ বিষয় জানা যায়।
মেডিকেল অফিসের নথিপত্র ঘটে দেখা যায়, চুরি হওয়া ওষুধগুলোর মধ্যে ৪ হাজার ৬৪৫ পিস অ্যালাট্রল, ৯১২ পিস অ্যাজিথ্রোমাইসিন, ৪২০ পিস সিপ্রোসিন, প্যারাসিটামল ৫ হাজার পিস, টাইমোনিয়াম ৭০০ পিস, ২ হাজার ৫০০ পিস ফ্যামোটিডিন, ২০০ পিস অ্যান্টানিল, ৯৯০ পিস ন্যাপা ও ৪২০০ পিস ডমপেরিডন ছিল।
এ বিষয়ে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক এশিয়া পোস্টকে বলেন, ‘শিক্ষার্থীদের কাছ থেকে জরুরি ওষুধ না পাওয়ার অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম স্যারকে নিয়ে মেডিকেল সেন্টারের ওষুধের হিসাব যাচাই করতে যাই। সেখানে দেখা যায়, ৩০ জুন প্রায় ২ লাখ টাকার ওষুধ কেনা হলেও মাত্র ২১ দিনের হিসাবেই প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল পাওয়া গেছে। এ সময় জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী উপস্থিত ছিলেন।’
তিনি আরও বলেন, ‘আমরা মনে করি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত।’
এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্ট্রার (স্টোর) মো. নূর-এ-কামাল পিংকুর কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক উত্তর মেলেনি। পরবর্তীতে প্রধান মেডিকেল অফিসার ডা. মো. শামছুর রহমানের সঙ্গে কথা বললে তিনিও যথাযথ উত্তর দিতে পারেননি।
এ বিষয়ে জাবি চিকিৎসাকেন্দ্রের প্রধান মেডিকেল অফিসার ডা. মো. শামছুর রহমান এশিয়া পোস্টকে বলেন, ‘স্টোরের চাবি ও মজুতের দায়িত্ব স্টোর অফিসারের কাছে থাকায় এ বিষয়ে তার জবাবদিহি প্রয়োজন। এ ছাড়া ওষুধ ক্রয় ও সরবরাহের প্রক্রিয়া একটি পৃথক কমিটির মাধ্যমে পরিচালিত হয়, যেখানে তার ব্যক্তিগত স্বাক্ষর বা সরাসরি নিয়ন্ত্রণ নেই। এক্ষেত্রে একটি টিমের মাধ্যমে ওষুধ মজুতের বিষয়টি দেখা হয়।’
‘আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যকে (প্রশাসন) অবহিত করেছি। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হবে এবং গরমিলের কারণ অনুসন্ধান করব। একই সঙ্গে ওষুধ সংরক্ষণ ও হিসাব ব্যবস্থাপনায় আরও কঠোর তদারকি নিশ্চিত করার’ কথাও জানান তিনি।
এ ঘটনায় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) ও মেডিকেল সেন্টারের উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, ‘মেডিকেল সেন্টার থেকে আমরা মাঝে মাঝেই অভিযোগ পাই ওষুধ নেই। তাই আজকে অধ্যাপক সালেকুল, জাকসুর হুসনী মোবারক ও আমার অফিসের দুজন কর্মকর্তাকে ঝটিকা পর্যবেক্ষণে পাঠাই।’
‘তাদের পর্যবেক্ষণ শেষে মেডিকেল থেকে যেভাবে ওষুধগুলো গায়েব হয়েছে আমরা তা খতিয়ে দেখবো। পাশাপাশি ওষুধগুলো কোথা থেকে আসে, কীভাবে ব্যবহার হয়, কোন খাতে হয়— সেগুলো তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেব’ বলেও জানান অধ্যাপক নজরুল।
.png)






