এইচএসসিতে ঢাকা কলেজে পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ, ৬৮৮টি জিপিএ-৫

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। এতে ঢাকা কলেজে মোট ১ হাজার ১৪৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৬৮৮ জন। প্রতিষ্ঠানটিতে এবার পাসের হার ৯৯ দশমিক ৩৮ শতাংশ।
শনিবার (৩১ অক্টোবর) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষও নিশ্চিত করেছেন।
প্রতিষ্ঠানটির ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ৮৬১ জন, এর মধ্যে পাস করেছে ৮৫৪ জন ও জিপিএ-৫ পেয়েছে ৬৪১ জন। মানবিক থেকে ১৪৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪৬ জন, আর জিপিএ-৫ পেয়েছে ১২ জন পরীক্ষার্থী।
অন্যদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল ১৩৪ জন পরীক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১২৯ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৫ জন।
ফলাফলে অনুভূতি প্রকাশ করে ঢাকা কলেজ শিক্ষার্থী নাজমুস সালেকিন রাইয়্যান বলেন, বিগত বছরের তুলনায় এবারের এইচএসসি পরীক্ষা তুলনামূলক অনেক কঠিন ছিল। এরপরও এ প্লাস অর্জন করতে পেরে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আগের বছরগুলোতে পরীক্ষাকেন্দ্রে যেভাবে নজরদারি করা হতো, এবার তার তুলনায় অনেক বেশি কঠোর নজরদারি ছিল। এর পাশাপাশি বন্যার সময় আমাদের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে আমরা বেশ কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে পরীক্ষায় অংশ নিয়েছিলাম।
ঢাকা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আনোয়ার মাহমুদ এশিয়া পোস্টকে বলেন, গতবারের তুলনায় আমাদের টোটাল পাশের হার বেড়েছে। গতবার ঢাকা কলেজে পাশের হার ৯৯ দশমিক ২৯ শতাংশ ছিল। এবার ৯৯ দশমিক ৩৮ শতাংশ হয়েছে। সার্বিক পরিস্থিতিতে সারা বাংলাদেশে জিপিএ-৫ অর্ধেকের নিচে নেমে এসেছে। পাশের হারও অর্ধেক ৫২ শতাংশ হয়েছে। সেই প্রেক্ষিতে হয়ত আরও ভালো ফলাফল হতে পারতো।
তিনি বলেন, এই ছেলেগুলো পাঁচ আগস্টের পর বিভিন্ন কারণে নানা সমস্যার মধ্যে ছিল। কলেজ কর্তৃপক্ষ চেষ্টা করেছে যত সম্ভব ভালো ফলাফলের জন্য।
এর আগে, শনিবার বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বছরের (২০২৬ সাল) উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষায় গড় পাসের হার ৫২ দশমিক ১২ শতাংশ। ১১টি শিক্ষাবোর্ডে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪০ হাজার ৮৪ জন শিক্ষার্থী।
