জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে জিসানের পদত্যাগ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মুহিবুল্লাহ শেখ জিসান।
রোববার (৯ আগস্ট) জাকসুর সভাপতি বরাবর দেওয়া এক লিখিত আবেদনে তিনি এ পদত্যাগের সিদ্ধান্ত জানান।
পদত্যাগপত্রে মুহিবুল্লাহ শেখ উল্লেখ করেন, কোনো রাজনৈতিক দল, সংগঠন বা প্যানেলের অংশ না হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব পালনের শুরু থেকেই রাজনৈতিক ও গোষ্ঠীগত প্রভাবের ঊর্ধ্বে থেকে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর স্বার্থ ও প্রত্যাশাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
তবে দায়িত্ব পালনকালে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রমে যথাযথ সময়ে সিদ্ধান্ত গ্রহণ না করা, সিদ্ধান্ত পরিবর্তন এবং প্রশাসনিক প্রভাবের কারণে একজন নির্বাচিত প্রতিনিধি হিসেবে স্বাধীনভাবে দায়িত্ব পালনের সুযোগ ও প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক মর্যাদা সবসময় পাননি বলে অভিযোগ করেন তিনি।
পদত্যাগপত্রে তিনি বিশেষভাবে, একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক নির্বাচন ও অনুষ্ঠান পরিচালনার ক্ষেত্রে তার সিদ্ধান্ত পরিবর্তন এবং অনুষ্ঠান চলাকালে প্রশাসন ও শিক্ষকদের পক্ষ থেকে নির্দিষ্ট ব্যক্তিদের নাম ঘোষণা করার বিষয়টি উল্লেখ করেন। এ ঘটনায় তিনি গভীরভাবে হতাশ হয়েছেন বলেও জানান।
এ ছাড়া ওই ঘটনার পর তাকে দুঃখ প্রকাশের জন্য ধারাবাহিকভাবে চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ করেন মুহিবুল্লাহ। তার ভাষ্য, একজন নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা রাজনৈতিক স্বার্থের প্রভাবাধীন হয়ে কাজ করতে পারেন না।
পদত্যাগপত্রে তিনি আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে তার নীতি, স্বাধীনতা ও আত্মমর্যাদার সঙ্গে আপস করে সাংস্কৃতিক সম্পাদক পদে থাকা সম্ভব নয়। এ কারণে তিনি জাকসুর সাংস্কৃতিক সম্পাদক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
চিঠির শেষাংশে তিনি তার পদত্যাগপত্র গ্রহণ করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জাকসুর সভাপতির প্রতি অনুরোধ জানান।
.png)


