logo

আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ সোহরাওয়ার্দী কলেজ
আ.লীগের ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের বিক্ষোভ
বিক্ষোভ মিছিলে সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। ছবি: এশিয়া পোস্ট

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচির প্রতিবাদ এবং দেশজুড়ে অরাজকতা ও সহিংসতার অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা।

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

মিছিলটি পুরান ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়। এ সময় মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতা এবং নাশকতার প্রতিবাদ জানান।

সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রুবেল জানান, নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ও অরাজকতা করতে না পারে তাই গতকাল সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদল রাজপথে ছিল। ধোলাইখাল, মুরগিটোলা, রায়সাহেব বাজার ও দয়াগঞ্জ এলাকায় আমাদের নেতাকর্মীরা অবস্থান নেন।

তিনি আরও জানান, ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় ঢাকা-৬ আসনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। দেশের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে ছাত্রদল রাজপথে সক্রিয় থাকবে।

কলেজ ছাত্রদলের সভাপতি মো. জসিম উদ্দিন জানান, আওয়ামী লীগ বিএনপিকে যে অগ্নিসন্ত্রাসের রাজনীতির অভিযোগে অভিযুক্ত করত, বিএনপি কখনোই সেই রাজনীতি করেনি। কেরানীগঞ্জ ও মিরপুরে বাসে অগ্নিসংযোগের ঘটনা আওয়ামী লীগের জ্বালাও-পোড়াও ও সন্ত্রাসী রাজনীতিরই পুনরাবৃত্তি।

তিনি আরও জানান, বিএনপি সবসময় দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে চায়। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টি হোক, তা বিএনপির কাম্য নয়। গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিএনপি ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় রাজপথে থাকবে।

আজ ২০ সেপ্টেম্বর ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচির ঘোষণা দিয়েছিল কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ। কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন ধরনের অরাজকতা ও বিশৃঙ্খলার খবর পাওয়া গেছে।