তুরস্কের তিন শিক্ষককে সনদ ও স্মারক দিল নোবিপ্রবি

এশিয়া পোস্ট নিউজ, নোবিপ্রবি
তুরস্কের তিন শিক্ষককে সনদ ও স্মারক দিল নোবিপ্রবি
তুরষ্কের শিক্ষকের হাতে সনদ ও স্মারক তুলে দেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী। ছবি : এশিয়া পোস্ট

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইরাসমাস+ KA171 স্টাফ মোবিলিটি ফর টিচিং কর্মসূচি সফলভাবে সম্পন্ন করায় তুরস্কের সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (সাস্ট) তিন শিক্ষককে অংশগ্রহণ সনদ ও স্মারক প্রদান করা হয়েছে।

বুধবার (৮ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে সনদ ও স্মারক তুলে দেন নোবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

উপাচার্য বলেন, ইরাসমাস+ KA171 স্টাফ মোবিলিটি কর্মসূচি দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক সহযোগিতা, আন্তর্জাতিকীকরণ কার্যক্রম এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং আন্তর্জাতিক অংশীদারিত্ব সম্প্রসারণেও সহায়ক হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, এ কর্মসূচির মাধ্যমে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বাংলাদেশ ও তুরস্কের শিক্ষাবিদ ও গবেষকদের মধ্যে জ্ঞান, গবেষণা-অভিজ্ঞতা এবং সর্বোত্তম চর্চা বিনিময়ের নতুন সুযোগ সৃষ্টি হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোবিপ্রবির উপ-উপাচার্য ও ইন্টারন্যাশনাল কোলাবোরেশন অ্যান্ড এক্সটার্নাল অ্যাফেয়ার্স (আইসিইএ) অফিসের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম, আইসিইএর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ।

ইরাসমাস+ KA171 স্টাফ মোবিলিটি ফর টিচিং কর্মসূচির আওতায় ৬ থেকে ১০ জুলাই পর্যন্ত নোবিপ্রবিতে অবস্থান করেন সিভাস ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির তিন সদস্যের প্রতিনিধি দল। দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়টির উপ-উপাচার্য (ভাইস রেক্টর) এবং কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের কৃষি ও কৃষি রোবট বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. কাগান কোকতেন। প্রতিনিধি দলে আরও ছিলেন কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ও ইরাসমাস ইনস্টিটিউশনাল কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মুহাম্মদ আসিম এবং কৃষি ও কৃষি রোবট বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফিকরেত সাইগিন।

সফরের অংশ হিসেবে তারা নোবিপ্রবির কৃষি বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে পাঠদান, বিশেষ বক্তৃতা, একাডেমিক মতবিনিময় এবং জ্ঞান ও গবেষণা-অভিজ্ঞতা বিনিময়ে অংশ নেন। এছাড়া দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং ভবিষ্যৎ একাডেমিক সহযোগিতার বিভিন্ন সম্ভাবনা নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।