Advertisement

সহপাঠীর জীবন বাঁচাতে শাবিপ্রবিতে ‘সাস্ট চ্যারিটি রান’

এশিয়া পোস্ট নিউজ, শাবিপ্রবি
সহপাঠীর জীবন বাঁচাতে শাবিপ্রবিতে ‘সাস্ট চ্যারিটি রান’
ছবি: এশিয়া পোস্ট

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত এক সহপাঠীর জীবন বাঁচাতে মানবিক এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীরা। সহপাঠী আশরাফুল আলমের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহে বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠন ‘সাস্ট ফিটনেস ক্লাব’-এর উদ্যোগে ‘চ্যারিটি রান’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ৬টায় বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে পাঁচ কিলোমিটারের এই রান শুরু হয়। ক্যাম্পাসের নির্ধারিত রুট প্রদক্ষিণ শেষে পুনরায় গোলচত্বরে এসে এটি শেষ হয়।

আয়োজকরা জানান, এই ইভেন্টের মূল উদ্দেশ্য ছিল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিক্ষার্থী আশরাফুল আলমের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ করা। অসুস্থ সহপাঠীর পাশে দাঁড়ানোর এই মহান আয়োজনে প্রতিযোগিতা বা বিজয়ের চেয়ে মানবিকতাই ছিল মুখ্য। তাই নিয়মমাফিক কোনো প্রতিযোগিতা বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাখা হয়নি। তবে প্রতিটি অংশগ্রহণকারীর জন্য ছিল প্রিমিয়াম টি-শার্ট ও নাশতার ব্যবস্থা।

ইভেন্ট শেষে চ্যারিটি রান থেকে অর্জিত আয়ের মোট ৬০ হাজার টাকার একটি চেক আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মো. মোজাম্মেল হকের উপস্থিতিতে আশরাফুল আলমের বিভাগের প্রতিনিধিদের হাতে এই অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের সার্বিক বিষয়ে চ্যারিটি রানের আহ্বায়ক (কনভেনর) তারেকুল ইসলাম বলেন, সাস্ট ফিটনেস ক্লাব সবসময় সুস্থতার পাশাপাশি মানবতায় বিশ্বাসী। আজ আমরা সবাই দৌড়েছি আমাদের একজন ভাইয়ের জন্য। এই আয়োজন সফল করতে এগিয়ে আসা শিক্ষার্থী, শিক্ষক, আমন্ত্রিত রানার এবং সাস্ট ফিটনেস ক্লাবের সদস্যদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি।