জবির বাসের ওপর আছড়ে পড়ল বিশাল গাছ, উদ্ধারে ফায়ার সার্ভিস

ভারী বর্ষণ ও দমকা হাওয়ার প্রভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে একটি বড় গাছ বিশ্ববিদ্যালয়ের বাসের ওপর আছড়ে পড়েছে। এতে বাসটির ব্যাপক ক্ষতি হয়েছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার (১২ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে এসেছে ফায়ার সার্ভিসের সদস্যরা। বাস থেকে গাছ সরানোর কাজ করতে দেখা গেছে তাদের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের সামনে থাকা একটি বড় গাছ ভেঙে বিশ্ববিদ্যালয়ের একটি বাসের ওপর আছড়ে পড়ে। এতে বাসটির ছাদ ও জানালার বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
মনিরুজ্জামান নামের এক শিক্ষার্থী জানান, আমরা ক্লাস করছিলাম। হঠাৎ বিকট শব্দ শুনতে পাই। বাইরে এসে দেখি বাসের ওপর গাছ পড়ে আছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
সদরঘাট ফায়ার স্টেশনের কর্মকর্তা লিডার হায়দার হোসেন বলেন, ‘আমরা জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে দ্রুত ছুটে আসি। এখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমরা গাছটি কেটে গাড়িটি নিরাপদ স্থানে রাখার ব্যবস্থা করব।’





