Advertisement

নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে জাবিতে অভিযান, হোটেল বন্ধ

এশিয়া পোস্ট নিউজ, জাবি
নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগে জাবিতে অভিযান, হোটেল বন্ধ
পিরানহা মাছ। ছবি: এশিয়া পোস্ট

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলসংলগ্ন গেরুয়ার ঢালের খাবারের দোকানগুলোতে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়েছে হল প্রশাসন ও হল সংসদ। অভিযানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হোটেলটি বন্ধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে এ অভিযান চালানো হয়।

যৌথ অভিযানে জানানো হয়, শহীদ রফিক-জব্বার হলসংলগ্ন গেরুয়ার ঢালের খাবারের দোকানগুলোতে শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান চালানো হয়। অভিযানে হোটেলে রান্নার জন্য প্রস্তুত অবস্থায় নিষিদ্ধ ঘোষিত পিরানহা মাছ উদ্ধার করে জব্দ করা হয়।

অভিযান শেষে হল প্রশাসন ও হল সংসদের প্রতিনিধিরা দোকান মালিকদের নিষিদ্ধ পিরানহা মাছ বা রূপচাঁদা মাছের নামে অন্য কোনো মাছ বিক্রি না করার নির্দেশনা দেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।

শহীদ রফিক-জব্বার হলের গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী বাবর বলেন, গেরুয়ার ঢালের কয়েকটি দোকানে রূপচাঁদা মাছের নামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির অভিযোগ পেয়ে তিনি বিষয়টি নিয়ে প্রতিবাদ করেন। এ সময় একটি দোকানের কর্মচারীদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডাও হয়। তিনি শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করে নিষিদ্ধ মাছ বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা এবং নিয়মিত নজরদারির দাবি জানান।

হল সংসদের সাধারণ সম্পাদক (জিএস) শরীফুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পর হল প্রশাসন ও হল সংসদ যৌথভাবে অভিযান চালায়। তল্লাশিতে লামিসার হোটেলে রান্নার জন্য প্রস্তুত অবস্থায় নিষিদ্ধ পিরানহা মাছ পাওয়া যায়। দোকান কর্তৃপক্ষও মাছটি পিরানহা বলে স্বীকার করেছে।

শহীদ রফিক-জব্বার হলের প্রাধ্যক্ষ ড. আবদুছ ছাত্তার বলেন, দোকানগুলোকে বারবার অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।