Advertisement

এশিয়া পোস্টের প্রতিবেদনের পর নোবিপ্রবিতে অনুসন্ধান কমিটি

এশিয়া পোস্ট নিউজ, নোবিপ্রবি
এশিয়া পোস্টের প্রতিবেদনের পর নোবিপ্রবিতে অনুসন্ধান কমিটি
ছবি: সংগৃহীত

এশিয়া পোস্টে প্রকাশিত প্রতিবেদনের পর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে কথিত গোপন তৎপরতার সঙ্গে যুক্ত কি না, তা যাচাইয়ে তিন সদস্যের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বুধবার (৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর পরিবেশ তৈরির লক্ষ্যে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষক গোপন তৎপরতায় যুক্ত রয়েছেন। এর পরিপ্রেক্ষিতে নোবিপ্রবির কোনো শিক্ষক এ ধরনের তৎপরতার সঙ্গে জড়িত কি না, তা অনুসন্ধানের জন্য কমিটিটি গঠন করা হয়েছে।

এর আগে এশিয়া পোস্টে প্রকাশিত ‘শেখ হাসিনাকে ফেরাতে ২২ বিশ্ববিদ্যালয়ের ৪০৪ শিক্ষকের গোপন তৎপরতা’ শিরোনামের প্রতিবেদনে নোবিপ্রবির একাধিক শিক্ষকের নাম ও কয়েকটি সাংকেতিক পরিচয় উল্লেখ করা হয়। তবে কমিটি গঠনের মাধ্যমে কোনো শিক্ষকের সম্পৃক্ততা নিশ্চিত করা হয়নি। অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় যাচাই করতেই এ অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়েছে।

কমিটির আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামকে। সদস্য হিসেবে রয়েছেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. হাছান উদ্দীন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ এফ এম আরিফুর রহমান সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশ অনুযায়ী, বুধবার বিকেল ৩টায় আহ্বায়কের দপ্তরে কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুসন্ধান শেষে কমিটি প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেবে। ওই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।