Advertisement

যুবলীগের মিছিল থেকে চবির হল কর্মকর্তা গ্রেপ্তার

এশিয়া পোস্ট নিউজ, চবি
যুবলীগের মিছিল থেকে চবির হল কর্মকর্তা গ্রেপ্তার
গ্রেপ্তার চবি কর্মকর্তা সরোয়ার হোসেন খোকন। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এএফ রহমান হলের এক কর্মকর্তাকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল থেকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) রাতে তাকে গ্রেপ্তার করে হাটহাজারী থানা পুলিশ।

গ্রেপ্তার কর্মকর্তা সরোয়ার হোসেন খোকন এএফ রহমান হলের সেকশন অফিসার পদে কর্মরত।

জানা যায়, গতকাল ১৫ আগস্ট হাটহাজারীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা মিছিল বের করেন। পরে ঘটনাস্থলে অভিযান চালায় পুলিশ। মিছিল পরবর্তী অভিযানে খোকনকে গ্রেপ্তার করা হয়। তবে বিশ্ববিদ্যালয়ের এক সাবেক রেজিস্ট্রার এবং অফিসার সমিতির নেতাকর্মীসহ অনেকেই তাকে থানা থেকে ছাড়ানোর চেষ্টা করছেন বলে বিশ্ববিদ্যালয় ও থানা সূত্রে জানা গেছে।

জানতে চাইলে হাটহাজারী থানার ডিউটি অফিসার রুবিনা আক্তার এশিয়া পোস্টকে বলেন, এ বিষয়ে আমার কোনো কিছু জানা নেই। আমি কিছুক্ষণ আগে ডিউটিতে এসেছি। তাই আমি এখন কিছু বলতে পারছি না।

এরপর হাটহাজারী থানার ওসি মো. জাহিদুর রহমানের কাছে জানতে চাইলে তিনিও বিষয়টি এড়িয়ে যান। তিনি এশিয়া পোস্টকে বলেন, যুবলীগের স্থানীয় নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে। তবে তার বিষয়ে আমি এখন কিছু বলতে পারছি না। আমি এখন ব্যস্ত আছি। এ বিষয়ে পরে কথা বলা যাবে।

তবে এ বিষয়ে এএফ রহমান হলের প্রভোস্ট অধ্যাপক মোহাম্মদ আলম চৌধুরী এশিয়া পোস্টকে বলেন, আমাদের এ কর্মকর্তা গ্রেপ্তার হয়েছে বলে থানা পুলিশ থেকে জানতে পেরেছি। তবে কী কারণে গ্রেপ্তার হয়েছে সেটা আমি জানি না। আমাদের বিশ্ববিদ্যালয়ের কেউ তাকে ছাড়ানোর চেষ্টা করেছে কি না, সে বিষয়েও আমার কোনো সুস্পষ্ট ধারণা নেই।

এ বিষয়ে চবি উপ-উপাচার্য (প্রশাসন) ড. সফিকুল ইসলাম এশিয়া পোস্টকে বলেন, আমি থানার বরাতে জানতে পেরেছি তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কার্যক্রম নিষিদ্ধঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল করতে গিয়ে সেখানে গ্রেপ্তার হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তার বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।