বিইউবিটিতে সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ ব্যবস্থাপনার জন্য একটি বিশেষ সাইবার নিরাপত্তা সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিইউবিটি ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে আয়োজিত সেমিনারটি সফলভাবে সম্পন্ন হয়। প্রাতিষ্ঠানিক তথ্য সুরক্ষা, সাইবার হুমকি প্রতিরোধ এবং ডিজিটাল ট্রাস্ট বা ডিজিটাল আস্থা বৃদ্ধির লক্ষ্যে এই সময়োপযোগী কর্মসূচির আয়োজন করা হয়।
সেমিনারে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জেআইসিএ) দীর্ঘমেয়াদী বিশেষজ্ঞ ও প্রধান উপদেষ্টা মি. শোজি আকিহিরো। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির দীর্ঘমেয়াদী বিশেষজ্ঞ ও প্রকল্প সমন্বয়ক মিস কাতসুকি নাহো। অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ডিজিটাল অবকাঠামো নিরাপদ রাখার ক্ষেত্রে এই ধরণের আন্তর্জাতিক ও প্রাতিষ্ঠানিক যৌথ প্রচেষ্টার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন।
কর্মসূচিতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সিএসই বিভাগের অধ্যাপক ড. শামীম এইচ রিপন এবং বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড এআই ফ্যাকাল্টির অ্যাক্টিং ডিন ড. মুহাম্মদ আমিনুর রহমান। বক্তারা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাইবার ঝুঁকির ধরন এবং তা মোকাবেলায় প্রশাসনিক ও প্রযুক্তিগত সচেতনতা বৃদ্ধির ওপর বিস্তারিত আলোকপাত করেন।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এবং সরকারের আইসিটি ডিভিশনের সহযোগিতায় আয়োজিত এই সেমিনারে বিইউবিটির শীর্ষস্থানীয় কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। একটি তথ্য-প্রযুক্তি নির্ভর ও নিরাপদ শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখতে বিইউবিটি আগামীতেও জেআইসিএ সহ অন্যান্য অংশীজনদের সঙ্গে এমন সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।







