বিইউএফটিতে দুদিনব্যাপী জাতীয় উদ্যোক্তা মেলা শুরু

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) শুরু হয়েছে ‘বিইউএফটি জাতীয় উদ্যোক্তা মেলা ২০২৬ (৩.০)’। নতুন উদ্ভাবন, তরুণ উদ্যোক্তা তৈরি এবং ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কার্যকর প্রয়োগকে উৎসাহিত করতে এ মেলার আয়োজন করা হয়েছে। বিইউএফটি বিজনেস ক্লাবের উদ্যোগে এবং বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সহযোগিতায় দুদিনব্যাপী এই মেলা বুধবার (৭ অক্টোবর) ও বৃহস্পতিবার (৮ অক্টোবর) অনুষ্ঠিত হচ্ছে।
এবারের মেলার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরবর্তী প্রজন্মকে ক্ষমতায়ন: উদ্যোক্তা, উদ্ভাবন ও টেকসই ডিজিটাল রূপান্তর’। শিক্ষার্থীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা অর্জন এবং টেকসই ব্যবসায় উদীয়মান প্রযুক্তির ব্যবহার বাড়ানোই এই আয়োজনের মূল লক্ষ্য।
উদ্বোধনী আয়োজনে উপস্থিত ছিলেন বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. মেসবা উদ্দিন আলী, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান, বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন, রেজিস্ট্রার মো. রফিকুজ্জামান এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ আবদুর রহিম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও অংশ নেন মালয়েশিয়ার স্পেকট্রাম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি কলেজের পরিচালনা পর্ষদের সদস্য ও প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কায়সারুল হক, দারাজ এক্সপ্রেসের প্রধান এইচ এম আশিক আলাহী, রাজিব ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. রাজিব হোসেন, এভারকেয়ার হসপিটালস বাংলাদেশের প্রধান অর্থ কর্মকর্তা মোহাম্মদ মাইনুর রহমান ভূঁইয়া, ডাবর বাংলাদেশের সরবরাহ ব্যবস্থাপনা ও ক্রয় বিভাগের প্রধান নাহিদ আশিকুজ্জামান এবং বিশিষ্ট কনটেন্ট নির্মাতা ও অভিনেতা রাকিন আবসার।
এ ছাড়া বিইউএফটির জনসংযোগ বিভাগের পরিচালক মুহাম্মদ ইমতিয়াজসহ বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।
মেলায় শিক্ষার্থীদের জন্য সরাসরি শিল্প খাতের শীর্ষ পেশাজীবীদের সঙ্গে নেটওয়ার্কিং, নিজস্ব উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন এবং উদ্যোক্তা তৈরির বিভিন্ন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ রয়েছে। মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন সেশনে ভবিষ্যতের কর্মক্ষেত্র ও আধুনিক ব্যবসায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়। আগামীকাল বৃহস্পতিবারও মেলার দ্বিতীয় ও শেষ দিনের নানা কার্যক্রম অব্যাহত থাকবে।