Advertisement

ছাত্রদল-শিবিরের সংঘর্ষ/শিক্ষার্থীদের দেখতে এসে হাসপাতালের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক

এশিয়া পোস্ট নিউজ, জবি
শিক্ষার্থীদের দেখতে এসে হাসপাতালের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক
হাসপাতালের কিচেনে অবরুদ্ধ জবি অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন। ছবি : এশিয়া পোস্ট

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সংঘর্ষে আহত শিক্ষার্থী, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং জকসু প্রতিনিধিদের দেখতে গিয়ে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের কিচেনে অবরুদ্ধ হওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে অবরুদ্ধ অবস্থায় ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে তিনি এ তথ্য জানান।

অধ্যাপক বেলাল হোসেন পোস্টে লেখেন, ‘শিক্ষার্থীদের দেখতে এসে সরকারী দলের নেতাকর্মীদের ধাওয়া খেয়ে ন্যাশনাল হাসপাতালের কিচেনে অবরুদ্ধ অবস্থায় আছি। মাননীয় সরকারকে উদ্ধার করার জন্য অনুরোধ করছি।’

জানা যায়, মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষে আহত হয়ে জকসুর নেতারা, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং শিক্ষার্থীদের একটি অংশ ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তাদের খোঁজখবর নিতে হাসপাতালে যান অধ্যাপক ড. মোহাম্মদ বেলাল হোসেন।

পরে নিজের ফেসবুক পোস্টে তিনি হাসপাতালে ধাওয়ার মুখে পড়া এবং অবরুদ্ধ অবস্থায় থাকার কথা জানান। তার ওই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগের সৃষ্টি করে।

এদিকে বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ এবং পরে ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হাসপাতাল এলাকায় নিরাপত্তা নিশ্চিত এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন।

বর্তমানে ঘটনাস্থলে উভয় পক্ষের নেতা-কর্মীরা জড়ো হয়েছেন। বিএনপি, যুবদল ও ছাত্রদলের মহানগর দক্ষিণের নেতা-কর্মীদেরও সেখানে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন রয়েছে।