Advertisement

কুড়িকৃবির নতুন উপ-উপাচার্য হলেন শেকৃবির অধ্যাপক ড. নুর মহল

এশিয়া পোস্ট নিউজ, শেকৃবি
কুড়িকৃবির নতুন উপ-উপাচার্য হলেন শেকৃবির অধ্যাপক ড. নুর মহল
ড. মোছা. নুর মহল আখতার বানু। ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য (প্রো-ভিসি) হিসেবে দায়িত্ব পেয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোছা. নুর মহল আখতার বানু। তিনি শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন সাদা দল-এর সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।

সোমবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির অনুমোদনক্রমে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১’ -এর ১২(১) ধারা অনুসারে তাকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সহকারী সচিব মো. সুলতান আহমেদ স্বাক্ষরিত এই আদেশ অনুযায়ী, যোগদানের দিন থেকে পরবর্তী ৪ বছর তিনি এই পদে অধিষ্ঠিত থাকবেন। তবে আচার্য (রাষ্ট্রপতি) প্রয়োজন মনে করলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন।

প্রজ্ঞাপনের শর্তানুযায়ী, তিনি পূর্বের পদের সমমানের বেতন-ভাতা এবং বিধি মোতাবেক পদসংক্রান্ত অন্যান্য সরকারি সুযোগ-সুবিধা পাবেন। দায়িত্ব পালনকালে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের আইন ও উপাচার্য কর্তৃক অর্পিত দায়িত্ব পালন করতে হবে।