যবিপ্রবিতে বিশ্ব অণুজীব দিবস পালিত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) অণুজীববিজ্ঞান বিভাগের উদ্যোগে নানা আয়োজনে উদ্যাপিত হয়েছে আন্তর্জাতিক অণুজীব দিবস।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শুরু হয়।
র্যালি, সমাবেশ, বৃক্ষরোপণ, অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল, ইনোভেশন শোকেস, মাইক্রোবস ডিসকভারি কর্নার, বায়োফার্টিলাইজার প্রদর্শনীসহ নানা আয়োজন ছিল অনুষ্ঠানটিতে।
আয়োজনের অংশ হিসেবে যশোরের বিভিন্ন বিদ্যালয় থেকে প্রাথমিক পর্বে নির্বাচিত শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় অণুজীববিজ্ঞান অলিম্পিয়াডের গ্র্যান্ড ফাইনাল। একই সঙ্গে প্রদর্শনীতে অণুজীববিজ্ঞান ও টেকসই প্রযুক্তির সমন্বয়ে তৈরি বিভিন্ন উদ্ভাবন ও গবেষণাগারের কার্যক্রম তুলে ধরা হয়।
প্রদর্শনীতে ছিল প্রিবায়োটিক পাউরুটি, প্রোবায়োটিক খাবার, পোল্ট্রির জন্য প্রিবায়োটিক ফিড, পরিবেশবান্ধব কম্পোস্ট জৈবসার, অদৃশ্য অণুজীবের জগৎ, বিভিন্ন বায়োকেমিক্যাল পরীক্ষা, হাতের ত্বকে থাকা অণুজীবের প্রদর্শনী এবং ফাঙ্গাসের জগৎ। পাশাপাশি পেট্রি ডিশে ব্যাকটেরিয়ার বৃদ্ধি কাজে লাগিয়ে তৈরি নান্দনিক ব্যাকটেরিয়াল আর্টও প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান জানান, অণুজীববিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা প্রতি বছর অত্যন্ত গুরুত্বের সঙ্গে এ দিবসটি উদ্যাপন করে থাকে। আজকের র্যালিতে শিক্ষার্থীদের প্রদর্শিত ব্যানার ও প্ল্যাকার্ডের বার্তাগুলো বিশেষ করে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) সম্পর্কিত সচেতনতামূলক বিষয়গুলো বিশেষ দৃষ্টি আকর্ষণ করেছে। জনসচেতনতা সৃষ্টিতে শিক্ষার্থীদের তৈরি এ ধরনের সময়োপযোগী বার্তা অত্যন্ত প্রশংসনীয়।
অণুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. সেলিনা আক্তার জানান, বিশ্ববিদ্যালয়ের সকলের সহযোগিতা এবং নিরবচ্ছিন্ন উৎসাহ এ আয়োজনকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মানবদেহ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অণুজীবের ভূমিকা অপরিহার্য। জীবনের অস্তিত্ব ও সুস্থতা বজায় রাখতে উপকারী অণুজীবের ভূমিকা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ক্ষতিকর অণুজীব প্রতিরোধেও প্রয়োজন যথাযথ প্রস্তুতি ও সচেতনতা। এ বিষয়ে সঠিক ধারণা অর্জন এবং ক্ষতিকর অণুজীব প্রতিরোধে আগাম সচেতন হওয়া উচিত।


