ঢাকা কলেজে নতুন অ্যাকাডেমিক ভবনে ওয়াশরুম ও পানির সংকট

ঢাকা কলেজের ১০ তলা নতুন ভবনের একাধিক বিভাগের শিক্ষার্থীদের ব্যবহৃত ওয়াশরুমগুলো দীর্ঘদিন ধরে অপরিচ্ছন্ন ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খাবার পানির ব্যবস্থাও নেই বলে অভিযোগ পাওয়া গেছে।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা নাগাদ সরেজমিনে ভবনের প্রতিটি তলায় ঘুরে এ চিত্র দেখা যায়।
এ ছাড়া দীর্ঘদিন ধরেই পানির ফিল্টার ও টয়লেটের কমোড নষ্ট হয়ে আছে। ভবনটির বিভিন্ন তলায় শিক্ষার্থীদের ব্যবহারের জন্য থাকা ওয়াশরুমগুলোর বেশ কয়েকটির দরজা নষ্ট অবস্থায় রয়েছে। কোথাও পর্যাপ্ত আলো নেই, আবার কোনো কোনো ওয়াশরুমে অপরিচ্ছন্ন পরিবেশের কারণে স্বাভাবিকভাবে ব্যবহার করতেও ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। কলেজে খাবার উপযোগী বিশুদ্ধ পানির ব্যবস্থাপনাও অপর্যাপ্ত। কলেজের অডিটোরিয়ামের পাশের পানির ফিল্টারটি দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা না থাকায় ওয়াশরুমগুলোতে দুর্গন্ধসহ অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। প্রয়োজনের সময় ওয়াশরুম ব্যবহার করতে গিয়ে অনেক শিক্ষার্থীকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। বিশেষ করে দীর্ঘ সময় ক্লাস ও অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নেওয়া শিক্ষার্থীদের জন্য বিষয়টি আরও দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
শিক্ষার্থী আবু হায়াত বলেন, ঢাকা কলেজের ১০ তলা ভবনে অবস্থিত ইতিহাস বিভাগের ওয়াশরুমের অবস্থা যেন অনেকটা কারাগারের মতো। ভুলবশত কেউ যদি একবার সেই ওয়াশরুমে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন, তাহলে ভেতর থেকে দরজা খোলার কোনো ব্যবস্থা নেই। এ ধরনের বিষয় সত্যিই উদ্বেগজনক।
সিয়াম নামের আরেক শিক্ষার্থী বলেন, ভবনটিতে প্রতিদিন বিপুলসংখ্যক শিক্ষার্থী ক্লাস করেন। কিন্তু ওয়াশরুমের অবস্থা খুবই খারাপ। অনেক সময় লাইট না থাকায় কিংবা দরজা ঠিকমতো বন্ধ না হওয়ায় ওয়াশরুম ব্যবহার করতে সমস্যা হয়। নিয়মিত পরিষ্কার করা হলে অন্তত এই সমস্যাগুলো কিছুটা কমানো সম্ভব। একই সঙ্গে কলেজে খাবার পানিরও পর্যাপ্ত ব্যবস্থা নেই। শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের উপাধ্যক্ষ আনোয়ার মাহমুদ বলেন, ১০ তলা ভবনের ইতিহাস বিভাগসহ বিভিন্ন বিভাগের ওয়াশরুমের লাইট ও অন্যান্য কিছু সমস্যা রয়েছে-বিষয়টি আমি সংশ্লিষ্টদের জানাচ্ছি। এগুলো সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। স্ব স্ব বিভাগ করবে, নাকি কেন্দ্রীয়ভাবে করা হবে, সেটিও দেখে ব্যবস্থা নেওয়া হবে। নতুন করে যে ফিল্টারগুলো লাগানো হয়েছে, সেগুলোর মেশিন ঠিক আছে, মূলত কিটে সমস্যা হয়েছে। কিটের সমস্যা সমাধান করা না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে আমরা ঠিক করে দেব। অডিটোরিয়ামের পাশের ফিল্টারটিও কীভাবে ঠিক করা যায়, সেটি আমি দেখব।



