বিশ্ববিদ্যালয়ের মর্যাদা রক্ষায় দায়িত্বশীল হওয়ার আহ্বান ববি উপাচার্যের

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ও শ্রেণি কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৫টি বিভাগে পৃথকভাবে নবীনবরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিনব্যাপী আয়োজিত এসব অনুষ্ঠানে বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী ও নবীন শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ বিভিন্ন বিভাগ পরিদর্শন করে নবীন শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ ভর্তি পরীক্ষার মাধ্যমে তোমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছ। বিশ্ববিদ্যালয় জীবন জ্ঞান অর্জন, দক্ষতা বিকাশ এবং নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। অধ্যবসায়, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে ও বাইরে এমন আচরণ করতে হবে, যাতে তোমাদের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও সুনাম আরও বৃদ্ধি পায়। একজন শিক্ষার্থী হিসেবে সবক্ষেত্রে দায়িত্বশীল আচরণের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে।
এ সময় উপাচার্য র্যাগিংয়ের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, দেশের কৃষক-শ্রমিকসহ সাধারণ মানুষের করের অর্থে পরিচালিত এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের সুযোগকে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে। অর্জিত জ্ঞান সমাজ, দেশ ও মানবকল্যাণে কাজে লাগিয়ে একটি উন্নত, সমৃদ্ধ ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।
ওরিয়েন্টেশন শেষে বিভিন্ন বিভাগে নিয়মিত শ্রেণি কার্যক্রম শুরু হয়। নবীন শিক্ষার্থীদের পদচারণায় দিনভর বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রাণচাঞ্চল্য ও উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে ওঠে।





