Advertisement

গোবিপ্রবির নতুন ভিসি নাজমুস সাদাত

এশিয়া পোস্ট নিউজ, গোবিপ্রবি
গোবিপ্রবির নতুন ভিসি নাজমুস সাদাত
গোবিপ্রবির ভিসি অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য (ভাইস চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলোজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত

রোববার (১৯ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে তার নিয়োগ কার্যকর হবে। তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন। এছাড়া বিধি অনুযায়ী উপাচার্য পদের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন।

এতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইন, সংবিধি ও বিধি দ্বারা নির্ধারিত দায়িত্ব পালনের পাশাপাশি উপাচার্য কর্তৃক অর্পিত ক্ষমতা ও দায়িত্বও তিনি পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।

অধ্যাপক ড. মো নাজমুস সাদাত দীর্ঘদিন ধরে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলোজি ডিসিপ্লিনে শিক্ষকতা করে আসছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ন্যাশনালিস্টস টিচার্স অ্যাসোসিয়েশনের (এনটিএ) সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করছেন।

তার নিয়োগে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।