logo

জাবিতে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, ১ জনকে শোকজ

জাবিতে ছাত্রদলের দুই নেতা বহিষ্কার, ১ জনকে শোকজ
ছাত্রদলের লোগো। ছবি: উইকিপিডিয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে দুই নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ। একই ঘটনায় শাখা ছাত্রদলের আরেক যুগ্ম আহ্বায়ককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর থেকে পাঠানো পৃথক দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বহিস্কৃত নেতারা হলেন— জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম এবং ছাত্রনেতা রাসেল খন্দকার। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের নির্দেশক্রমে তাদের পদ থেকে বহিষ্কার করা হলো।

অন্যদিকে, কারণ দর্শানোর নোটিশ পাওয়া জাবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজাকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা জমা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপযুক্ত ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে কেন তার বিরুদ্ধে স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না— তা জানতে চেয়েছে কেন্দ্রীয় সংসদ।

তবে বিজ্ঞপ্তিতে শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট কারণ বা অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য উল্লেখ করা হয়নি।