Advertisement

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন চবি অধ্যাপক

এশিয়া পোস্ট নিউজ, চবি
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে যুক্তরাজ্য যাচ্ছেন চবি অধ্যাপক
অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। ছবি : সংগৃহীত

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে যুক্তরাজ্য যাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আরবি বিভাগের সভাপতি ও অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ২১ থেকে ২৩ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া ১৬তম ‘গালফ রিসার্চ মিটিং (জিআরএম) ২০২৬’-এ অংশ নেবেন তিনি।

সোমবার (২০ জুলাই) যুক্তরাজ্যের উদ্দেশে তার রওনা হওয়ার কথা রয়েছে।

অধ্যাপক ড. মুহাম্মদ গিয়াসউদ্দিন তালুকদার চবির আরবি বিভাগের সভাপতির দায়িত্ব পালনের পাশাপাশি ‘সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিভাগ সূত্রে জানা গেছে, গত ৬ মার্চ গালফ রিসার্চ সেন্টার কেমব্রিজের অন্তর্বর্তীকালীন পরিচালক ড. অস্কার জিয়েমেলিস স্বাক্ষরিত এক আনুষ্ঠানিক চিঠির মাধ্যমে তাকে আমন্ত্রণ জানানো হয়।

চিঠিতে বলা হয়, কেমব্রিজের ওয়েস্ট রোড কনসার্ট হলে ২১ জুলাই স্থানীয় সময় বিকেল ৪টায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনটি শুরু হবে। গালফ অঞ্চলবিষয়ক গবেষণা, জ্ঞান বিনিময় এবং আন্তর্জাতিক গবেষণা-সহযোগিতা জোরদারের লক্ষ্যে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। বিশ্বমানের এই গবেষণা সম্মেলনে বিভিন্ন দেশের তিন শতাধিক গবেষক ও বিশেষজ্ঞ অংশ নিচ্ছেন।

সম্মেলনের ‘গালফ–সাউথ এশিয়া রিলেশনস ইন অ্যান এরা অব ডিপেনিং ইন্টারডিপেনডেন্স’ শীর্ষক কর্মশালায় মূল আলোচনা উপস্থাপন করবেন অধ্যাপক গিয়াসউদ্দিন। এতে উপসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়ার পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, কূটনীতি এবং সমসাময়িক ভূরাজনৈতিক বিষয় গুরুত্ব পাবে।

প্রতিবছর কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত গালফ রিসার্চ মিটিং (জিআরএম) উপসাগরীয় অঞ্চল ও আন্তর্জাতিক বিষয়ের অন্যতম মর্যাদাপূর্ণ গবেষণা সম্মেলন হিসেবে পরিচিত।