অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে জবির দুই শিক্ষার্থী বহিষ্কার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন ও সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তারা ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৮ মে আইন বিভাগের একটি কক্ষে ওই বিভাগ এবং সমাজকর্ম বিভাগের দুই শিক্ষার্থীকে আপত্তিকর অবস্থায় দেখা যায়। পরে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয়জুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি সুশৃঙ্খল ও মূল্যবোধসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও মর্যাদা ক্ষুণ্ন হয়-এমন কোনো কর্মকাণ্ড বরদাশত করা হবে না। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
আইন বিভাগের চেয়ারম্যান খ্রিস্টিন রিচার্ডসন বলেন, শিক্ষার্থীদের নৈতিকতা ও একাডেমিক পরিবেশ বজায় রাখা বিশ্ববিদ্যালয়ের অন্যতম দায়িত্ব। অভিযুক্তদের কর্মকাণ্ড অত্যন্ত দুঃখজনক এবং এটি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে আরও কঠোর নজরদারি থাকবে।



