বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের স্বর্ণপদক পেলেন জাবি অধ্যাপক শামীম কায়সার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধ্যাপক ড. এম শামীম কায়সার ‘বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেস’ থেকে ফিজিক্যাল সায়েন্সেস ক্যাটাগরিতে স্বর্ণপদক অর্জন করেছেন। এই গৌরবময় অর্জনে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
বুধবার (২২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৫ জুলাই বাংলাদেশ একাডেমি অব সায়েন্সেসের সেক্রেটারি স্বাক্ষরিত এক পত্রে অধ্যাপক ড. এম শামীম কায়সারের স্বর্ণপদক অর্জনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
ড. শামীম কায়সার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত পদার্থবিজ্ঞান, ইলেকট্রনিকস ও যোগাযোগ প্রকৌশলে স্নাতক ও স্নাতকোত্তর এবং থাইল্যান্ডের এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (এআইটি) থেকে টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পরবর্তী সময়ে তিনি যুক্তরাজ্যের অ্যাংলিয়া রাসকিন বিশ্ববিদ্যালয় ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল গবেষক এবং জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয়ে গবেষক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘অ্যাডভান্সড ইন্টেলিজেন্স, ইনফরমেটিকস অ্যান্ড স্মার্ট ট্র্যান্সফর্মেশন’ গবেষণা দলের নেতৃত্ব দিচ্ছেন।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), মেশিন লার্নিং, বিগ ডাটা অ্যানালিটিকস, সাইবার নিরাপত্তা, ক্লাউড কম্পিউটিং এবং স্মার্ট হেলথকেয়ার তার মূল গবেষণার ক্ষেত্র। এ পর্যন্ত তিনি ৩৫০টিরও বেশি গবেষণা প্রবন্ধ, বই ও বইয়ের অধ্যায় প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি একাধিক আন্তর্জাতিক ও সরকারি অর্থায়নে পরিচালিত গবেষণা প্রকল্পে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন।
এ ছাড়া Research.com-এর সূচকে তিনি ২০২৪ ও ২০২৫ সালে বাংলাদেশের সেরা কম্পিউটার বিজ্ঞানী হিসেবে স্বীকৃতি পেয়েছেন। তাছাড়া স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় প্রকাশিত বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে স্থান ধরে রেখেছেন তিনি।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, অধ্যাপক ড. এম. শামীম কায়সারের এ স্বর্ণপদক প্রাপ্তি তার গবেষণা ও শিক্ষকতা জীবনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই স্বীকৃতি তাকে ভবিষ্যতে আরও আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে গবেষণা, উদ্ভাবন এবং সমাজের কল্যাণে বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়োগে কাজ করার অনুপ্রেরণা জোগাবে।
উপাচার্য একই সাথে অধ্যাপক ড. এম. শামীম কায়সারের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
.png)





