বন্যার্তদের পুনর্বাসনে ৫ দফা দাবি চবি ছাত্র কাউন্সিলের

এশিয়া পোস্ট নিউজ, চবি
বন্যার্তদের পুনর্বাসনে ৫ দফা দাবি চবি ছাত্র কাউন্সিলের
৫ দফা দাবিতে মানববন্ধন করে চবি ছাত্র কাউন্সিল। ছবি: এশিয়া পোস্ট

অতিবৃষ্টির কারণে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় বন্যার্তদের পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা। এ সময় সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি জানানো হয়।

বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে সংগঠনটি।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চবি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের আহ্বায়ক মোহাম্মদ আকিব, সদস্যসচিব এমদাদ উল্লাহ সাকিব, সদস্য রিশাদ আমিন বর্ণ, আহমেদ সাজু মাহির ও হৃদয় সূত্র ধর।

মানববন্ধনে সংগঠনটির পক্ষ থেকে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলো তুলে ধরেন সংগঠনের সদস্য আহমেদ সাজু মাহির। দাবিগুলো হলো— অবিলম্বে বন্যাকবলিত অঞ্চলে সব ধরনের সহায়তা দ্রুত সময়ের মধ্যে, প্রয়োজনে সামরিক হেলিকপ্টারের মাধ্যমে পৌঁছাতে হবে; বন্যা-পরবর্তী সময়ে ঘরবাড়ি মেরামত ও ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে এককালীন নিঃশর্ত আর্থিক সহায়তা দিতে হবে; কেন্দ্রীয়ভাবে পরিচালিত একটি কমিশনের মাধ্যমে জলাবদ্ধতার প্রকৃত কারণ অনুসন্ধান করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে; বন্যা পরিস্থিতির জন্য দায়ী সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা নিতে হবে এবং এস আলমসহ যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান পরিবেশবিরোধী প্রকল্পের মাধ্যমে এ দুর্যোগে মানুষের ক্ষতি করেছে, তাদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে।