শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে কুবিতে স্মৃতি মেডিকেল বক্স উদ্বোধন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদ আব্দুল কাইয়ুমের স্মরণে স্থাপিত ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
শনিবার (২৫ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে আসরের নামাজ আদায় শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে আয়োজিত দোয়া ও ইসলাহী ইজতেমায় অংশ নেন মুফতি ফয়জুল করিম। পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের ‘বিজয়-২৪’ হলে আয়োজিত অনুষ্ঠানে এই মেডিকেল বক্সটি শিক্ষার্থীদের জরুরি ব্যবহারের জন্য উন্মুক্ত ঘোষণা করেন।
উদ্বোধনী আয়োজনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক (সেক্রেটারি) আফসার উদ্দিন ইফতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একমাত্র বীর শহীদ ছিলেন আমাদের সহপাঠী আব্দুল কাইয়ুম। তার মহান আত্মত্যাগ ও স্মৃতিকে ধারণ করেই সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি মেডিকেল বক্স’ স্থাপনের এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি উদ্যোগটির প্রয়োজনীয়তা উল্লেখ করে আরও বলেন, হলের শিক্ষার্থীরা হঠাৎ রাতে বা অসময়ে অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসাসামগ্রী ও প্রয়োজনীয় ওষুধ সংগ্রহে মারাত্মক সমস্যায় পড়েন। বিশেষ করে রাতে ক্যাম্পাস মেডিকেল সেন্টার বা বাইরের ফার্মেসিগুলো বন্ধ থাকলে চরম ভোগান্তি পোহাতে হয়। সেই সংকট কাটাতে সম্পূর্ণ মানবিক ও সেবামূলক মানসিকতা থেকেই এই প্রাথমিক চিকিৎসা সেবা বক্সটি স্থাপন করা হলো।
আফসার উদ্দিন ইফতি আশ্বস্ত করে বলেন, মেডিকেল বক্সটিতে নিয়মিত প্রথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম ও জরুরি ওষুধ সরবরাহ বজায় রাখা হবে, যাতে শিক্ষার্থীরা প্রয়োজনের মুহূর্তেই দ্রুত প্রাথমিক চিকিৎসাসেবা পেতে পারেন। ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের সুবিধার্থে এ ধরনের কল্যাণমুখী কাজ অব্যাহত থাকবে।
.png)





