খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে তারই পছন্দের কাঁঠালিচাঁপা গাছ রোপণ ছাত্রদল নেতার

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার পছন্দের ফুল ‘কাঁঠালিচাঁপা’র চারা রোপণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মল চত্বরের রাস্তার পাশে তিনি এই চারা রোপণ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল পর্যায়ের ছাত্রদলের উল্লেখযোগ্যসংখ্যক নেতাকর্মী এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
জানা যায়, যে স্থানে গাছটি রোপণ করা হয়েছে, সেখানে আগে একটি কৃষ্ণচূড়া গাছ ছিল। সম্প্রতি ঝড়ে গাছটি উপড়ে গেলে ওই স্থানে নতুন করে কাঁঠালিচাঁপা গাছ লাগানোর উদ্যোগ নেন ছাত্রদল নেতা মিনহাজ আহমেদ প্রিন্স।
বৃক্ষরোপণ শেষে মিনহাজ আহমেদ প্রিন্স বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া কাঁঠালিচাঁপা ফুল পছন্দ করতেন। তিনি ১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি কাঁঠালিচাঁপা গাছ লাগিয়েছিলেন। আজ বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে এদেশের শিক্ষাব্যবস্থায় তার অবদানকে স্মরণ করে আমিও ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কাঁঠালিচাঁপার চারা রোপণ করলাম।
তিনি আরও বলেন, এই গাছটি কেবল একটি বৃক্ষ নয়, এটি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার প্রতীক হিসেবে বেড়ে উঠবে। গাছটি যাতে নিরাপদে ও সঠিকভাবে বেড়ে উঠতে পারে, আমি এবং আমাদের নেতাকর্মীরা সেই দায়িত্ব নিচ্ছি।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা তুলে ধরে ছাত্রদলের এই নেতা বলেন, ক্যাম্পাসে বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে সবুজায়ন ও পরিবেশ সচেতনতা বাড়ানো প্রয়োজন। ক্যাম্পাসের যেসব স্থানে পুরোনো গাছ ঝড় বা অন্য কোনো কারণে নষ্ট হয়ে গেছে, সেসব স্থানে নতুন গাছ লাগানোর উদ্যোগ অব্যাহত রাখা উচিত।
কর্মসূচিতে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, খালেদা জিয়ার শিক্ষার প্রতি অনুরাগ ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধকে স্মরণ করতেই এই প্রতীকী উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে গাছটির নিয়মিত পরিচর্যার প্রতিশ্রুতি দেওয়া হয়। মিনহাজ আহমেদ প্রিন্স এ ধরণের পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সারাদেশের শিক্ষার্থীদের প্রতি বছরে অন্তত একটি করে বৃক্ষরোপণের উদাত্ত আহ্বান জানান।



