logo

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা: উদীয়মান প্রবণতা, গবেষণা পদ্ধতি এবং ব্যবহারিক প্রয়োগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগ এ সেমিনারের আয়োজন করে।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. মাহবুবুল হক এবং ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক মো. তাজুল ইসলাম। সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক গাজী মো. আবু ঈসা নূর।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট বোনাভেঞ্চার ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা নুসরাত।

প্রবন্ধে তিনি একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্রমবর্ধমান গুরুত্ব, গবেষণা নকশা ও তথ্য বিশ্লেষণে আধুনিক এআই টুলের ব্যবহার, গবেষণার মানোন্নয়নে এআইয়ের সম্ভাবনা, নৈতিকতা, সীমাবদ্ধতা এবং দায়িত্বশীল ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকে আরও তথ্যনির্ভর, গতিশীল ও কার্যকর করে তুলতে পারে। তবে এর ব্যবহার হতে হবে দায়িত্বশীল ও নৈতিক।

মানসুরা নুসরাত বলেন, এআইভিত্তিক কনটেন্ট তৈরি ও স্বয়ংক্রিয় উত্তর প্রদানের প্রযুক্তির বিস্তারের ফলে প্রচলিত শিক্ষা ও মূল্যায়ন পদ্ধতি নতুনভাবে পর্যালোচনার প্রয়োজন দেখা দিয়েছে। এআই শিক্ষা ও গবেষণায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিলেও এর অপব্যবহার, তথ্যের নির্ভরযোগ্যতা, নৈতিকতা ও একাডেমিক সততা রক্ষার মতো চ্যালেঞ্জও রয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য মো. জাহাঙ্গীর আলম বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এখন শিক্ষার প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। এটি আর ভবিষ্যতের কোনো ধারণা নয়; বরং শিক্ষা, গবেষণা ও একাডেমিক কার্যক্রমে দ্রুত পরিবর্তন আনছে।

তিনি বলেন, গবেষণা ও উদ্ভাবনকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ ইউনিভার্সিটিতে একটি আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার (এআই সেন্টার) প্রতিষ্ঠা করা হয়েছে। এর মাধ্যমে বিভিন্ন বিভাগে এআইভিত্তিক গবেষণা, উদ্ভাবনী প্রকল্প ও একাডেমিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সভাপতির বক্তব্যে গাজী মো. আবু ঈসা নূর বলেন, ব্যবসায় প্রশাসনসহ সব অনুষদের গবেষণায় প্রযুক্তির ব্যবহার বাড়ছে। শিক্ষার্থীদের এ পরিবর্তনের সঙ্গে পরিচিত করতেই এ আয়োজন।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।