logo

হাবিপ্রবিতে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, হাবিপ্রবি
হাবিপ্রবিতে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের সংঘর্ষ
হাবিপ্রবিতে স্লেজিংকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই অনুষদের শিক্ষার্থীরা। ছবি: এশিয়া পোস্ট

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে স্লেজিংকে কেন্দ্র করে কৃষি অনুষদ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের (ডিভিএম) শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবরার ফাহাদ হল মাঠে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্টে কৃষি অনুষদ ও ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের মধ্যকার খেলায় জয়লাভ করে কৃষি অনুষদ। খেলা শেষে কৃষি অনুষদের শিক্ষার্থীরা মাঠের এক পাশে বিজয় উদযাপন করছিলেন। অন্যদিকে মাঠের অপর পাশে অবস্থান করছিলেন পরাজিত দলের শিক্ষার্থীরা। এসময় কৃষি অনুষদের এক শিক্ষার্থী প্রতিপক্ষ দলের শিক্ষার্থীদের উদ্দেশে স্লেজিং ও অশালীন অঙ্গভঙ্গি করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় কৃষি অনুষদের শিক্ষার্থীদের বিরুদ্ধে ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্স অনুষদের কয়েকজন শিক্ষার্থীকে কোমরের বেল্ট খুলে মারধরের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. আবুল কালাম এশিয়া পোস্টকে বলেন, আন্তঃঅনুষদীয় ফুটবল টুর্নামেন্ট শেষে স্লেজিংকে কেন্দ্র করে দুই অনুষদের শিক্ষার্থীদের মধ্যে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।