বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডসে চারটি পুরস্কার অর্জন ইউল্যাবের

বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০২৬-এ অসামান্য সাফল্য অর্জন করেছে ইউল্যাব। প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্ভাবিত চারটি প্রকল্প তিনটি পৃথক ক্যাটাগরিতে একটি চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ও তিনটি মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেছে। এ অর্জন প্রকল্পভিত্তিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং বাস্তবমুখী সমস্যা সমাধানের দক্ষতা বিকাশে ইউল্যাবের ধারাবাহিক প্রচেষ্টার প্রতিফলন।
বাংলাদেশ আইসিটি অ্যান্ড ইনোভেশন নেটওয়ার্ক (বিন) আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি গত ৩ অক্টোবর ঢাকার ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার কনজ্যুমার ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড অর্জন করেন ইউল্যাবের শিক্ষার্থী মো. আবু হুরায়রা ও মো. শাহরিয়ার আলম। তাদের উদ্ভাবিত প্রকল্প ‘CHRONIQ’ (ক্রনিক) মূলত অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে একটি কোর্স প্রজেক্ট হিসেবে শুরু হয়েছিল।
বিজনেস সার্ভিসেস ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেন সাইফুল ইসলাম, এম. এম. রাফসানজানি সৌরভ ও প্রান্ত পাল। তাদের উদ্ভাবিত ‘Sotto Onusondhan’ (সত্য অনুসন্ধান) প্রকল্পটি অধ্যাপক নাফিস মনসুরের তত্ত্বাবধানে একটি ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে বিকশিত হয়।
অন্যদিকে, ইনক্লুশন অ্যান্ড কমিউনিটি সার্ভিসেস ক্যাটাগরিতে মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেন রোজা স্মরণী বিশ্বাস, তালহা শাদ ও প্রান্ত বড়াই। তাঁদের উদ্ভাবিত ‘GaitAid’ (গেইটএইড) প্রকল্পটি অধ্যাপক মুহাম্মদ গোলাম কিবরিয়ার তত্ত্বাবধানে ক্যাপস্টোন প্রজেক্ট হিসেবে তৈরি করা হয়।
একই ক্যাটাগরিতে ‘Bak-shrobon’ (বাক-শ্রবণ) প্রকল্পের জন্য রাহুল বালা প্রমিথ ও অনিমা বিশ্বাস মেরিট অ্যাওয়ার্ড অর্জন করেন।
এবারের প্রতিযোগিতায় সারা দেশ থেকে মোট ৩৫৫টি উদ্ভাবনী প্রকল্প জমা পড়ে। প্রাথমিক বাছাই শেষে ১১৮টি প্রকল্প চূড়ান্ত মূল্যায়নের জন্য নির্বাচিত হয়। শিল্প, শিক্ষা, ব্যাংকিং, সরকারি ও স্টার্টআপ খাতের ৪০ জন অভিজ্ঞ বিচারকের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেলের কঠোর মূল্যায়নের মাধ্যমে মাত্র ৪৪টি প্রকল্পকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আবদুর রহিম সাকি।
এই গৌরবময় অর্জনের জন্য ইউল্যাব কর্তৃপক্ষ পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের তত্ত্বাবধায়ক শিক্ষকদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বিশ্ববিদ্যালয়টি ভবিষ্যতেও উদ্ভাবনী চিন্তাভাবনা, গবেষণাভিত্তিক শিক্ষা এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানে শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের উদ্ভাবনী প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণ ও সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে ইউল্যাব কাজ করে যাবে।