Advertisement

ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়

এশিয়া পোস্ট নিউজ, কুবি
ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধন পেল কুমিল্লা বিশ্ববিদ্যালয়
কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

ইউরোপীয় কমিশনের ‘পার্টিসিপ্যান্ট আইডেন্টিফিকেশন কোড’ (পিআইসি) নিবন্ধন পেয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি)। এই নিবন্ধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি ইউরোপীয় কমিশনের আন্তর্জাতিক শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনমূলক বিভিন্ন কর্মসূচিতে সরাসরি আবেদনকারী বা অংশীদার প্রতিষ্ঠান হিসেবে যুক্ত হওয়ার সুযোগ পাবে।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের আবেদনের পরিপ্রেক্ষিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনুকূলে ৮৬২৮৪৪৪৮৯ নম্বরের পিআইসি বরাদ্দ দেওয়া হয়েছে।

এই নিবন্ধনের ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ‘ইরাসমাস+’, ‘হরাইজন ইউরোপ’, ‘জিন মোনেট’সহ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অর্থায়িত প্রকল্পগুলোতে অংশগ্রহণের প্রাতিষ্ঠানিক যোগ্যতা অর্জন করল। পাশাপাশি এর মাধ্যমে আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা, যৌথ প্রকল্প বাস্তবায়ন, বৈশ্বিক অনুদান অর্জন এবং আন্তর্জাতিক অংশীদারত্ব সম্প্রসারণের নতুন দিগন্ত উন্মোচিত হলো।

বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের পরিচালক অধ্যাপক মশিউর রহমান বলেন, ইউরোপীয় কমিশনের পিআইসি নিবন্ধনের ফলে ইউরোপীয়সহ অন্যান্য আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময়, প্রশিক্ষণ, গবেষণা প্রকাশনা ও বিভিন্ন বৈশ্বিক প্রকল্পে কাজ করার ক্ষেত্র প্রসারিত হবে। তবে পিআইসি পাওয়া মানেই স্বয়ংক্রিয়ভাবে কোনো প্রকল্প বা অর্থায়ন পেয়ে যাওয়া নয়; এটি মূলত আন্তর্জাতিক এসব কর্মসূচিতে আবেদন ও অংশগ্রহণের প্রাতিষ্ঠানিক চাবিকাঠি হিসেবে কাজ করবে।

তিনি আরও বলেন, এখন আমাদের মূল কাজ হলো বৈশ্বিক অংশীদারদের সঙ্গে নেটওয়ার্ক বাড়ানো, মানসম্মত প্রকল্প প্রস্তাবনা তৈরি করা এবং এই সুযোগকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের জন্য বাস্তব সুফলে রূপ দেওয়া।

এর আগে ২০২৫ সালে আন্তর্জাতিক সম্পর্ক দপ্তরের বিশেষ উদ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইরাসমাস+ কর্মসূচির অর্গানাইজেশন আইডি (ওআইডি) অর্জন করে, যার নম্বর ই১০৪১৩৮৯৫। ওআইডি মূলত ইরাসমাস+ কার্যক্রমে সীমাবদ্ধ থাকলেও নতুন অর্জিত পিআইসি ইউরোপীয় কমিশনের আরও বিস্তৃত গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও অর্থনৈতিক অর্থায়ন কর্মসূচিতে অংশগ্রহণের পথ উন্মুক্ত করল।