Advertisement

ববি শিক্ষার্থীর গায়েবানা জানাজা, দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ

এশিয়া পোস্ট নিউজ, ববি
ববি শিক্ষার্থীর গায়েবানা জানাজা, দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের গায়েবানা জানাযা। ছবি:এশিয়া পোস্ট

সড়ক দুর্ঘটনায় নিহত বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী ইয়াসিন আরাফাতের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে দাবি আদায় না হওয়া পর্যন্ত দ্বিতীয় দিনের মতো ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Advertisement

সোমবার (১০ আগস্ট) আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরের সামনে ইয়াসিন আরাফাতের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। এদিকে, তার গ্রামের বাড়ি ঠাকুরগাঁওয়ে আসরের নামাজের পর দাফন সম্পন্ন হয়েছে।

শিক্ষার্থীরা জানিয়েছেন, অনতিবিলম্বে তাদের দাবিদাওয়া মেনে না নিলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এর আগে সোমবার সকালে বিআরটিসি, সড়ক ও জনপথ বিভাগ, পল্লী বিদ্যুৎ সমিতি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধিদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা হয়।

আলোচনায় নিহত ইয়াসিন আরাফাতের পরিবারের জন্য এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ, দ্রুত ফুটপাত নির্মাণ, মহাসড়ক সংস্কারসহ কয়েকটি দাবি তুলে ধরেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমিও মণ্ডল বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবরের মতো এবারও আমাদের হতাশ করেছে। দুপুরে তাদের সঙ্গে আলোচনায় স্পষ্টভাবে এক কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং রাস্তা সংস্কারের কাজ আজই শুরু করার কথা থাকলেও, এ বিষয়ে কোনো স্পষ্ট রোডম্যাপ প্রকাশ করা হয়নি। ক্ষতিপূরণের টাকার ব্যাপারেও তারা অপারগতা প্রকাশ করেছে। এসব দাবি পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকব।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর হোসেন এশিয়া পোস্টকে বলেন, শিক্ষার্থীদের সব দাবিদাওয়া নিয়ে আমরা আলোচনা করছি। আলোচনা শেষে তাদের সামনে উপস্থাপন করা হবে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি, যাতে দ্রুত সময়ের মধ্যে সব দাবি মেনে নিয়ে মহাসড়ক অবমুক্ত করা যায়।

এদিকে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের কারণে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন শ্রমিকরা।