এশিয়া পোস্টে সংবাদ প্রকাশের পর শর্তসাপেক্ষে খুলছে চবির ক্যান্টিন

বাসি খাবার পরিবেশনের অভিযোগে দীর্ঘ ১১ দিন বন্ধ থাকার পর অবশেষে শর্তসাপেক্ষে খুলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আলাওল ও এএফ রহমান হলের ক্যান্টিন। এ নিয়ে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।
শিক্ষার্থীদের দুর্ভোগ ও দাবির প্রেক্ষিতে রোববার (১৬ আগস্ট) দুপুরে দুই হলের প্রভোস্ট, চাকসু প্রতিনিধি এবং হল সংসদ প্রতিনিধিদের জরুরি বৈঠকে শর্তসাপেক্ষে পুনরায় ক্যান্টিন চালুর অনুমতি দেওয়া হয়।
এর আগে, গত ৭ আগস্ট এশিয়া পোস্টে ‘ছাত্রদের পকেটে টাকা না থাকলে বিনা পয়সায় খাওয়ান তিনি’ এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৬ আগস্ট রাতে পচা ও বাসি খিচুড়ি বিক্রির বিষয়টি দেখতে পেয়ে শিক্ষার্থীরা হল সংসদ প্রতিনিধিদের জানায়। পরবর্তীতে চাকসুর ক্যাফেটেরিয়াবিষয়ক সম্পাদক এবং হল প্রশাসনের উপস্থিতিতে ক্যান্টিনে তালা ঝুলিয়ে দেওয়া হয় এবং ক্যান্টিন পরিচালনায় দায়িত্বরত (অভিযুক্ত) পরিচালক হেলাল উদ্দিনের চুক্তিপত্র বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ক্যান্টিন বন্ধ থাকায় হলে অবস্থানরত ৫ শতাধিক শিক্ষার্থী চরম ভোগান্তিতে পড়েন। শিক্ষার্থীদের এ দুর্ভোগ নিয়ে রিপোর্ট প্রকাশিত হলে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং দ্রুত ক্যান্টিন চালুর দাবি ওঠে।
এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ এশিয়া পোস্ট জানান, নির্দিষ্ট কিছু কঠোর শর্ত মেনে চলার অঙ্গীকারে পরিচালককে পুনরায় ক্যান্টিন চালানোর অনুমতি দেওয়া হয়েছে।



