নোবিপ্রবি ছাত্রদলের সভায় দুই-তৃতীয়াংশই অনুপস্থিত

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) শাখা ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দল, দুই শীর্ষ নেতার বহিষ্কার ও বলয়ভিত্তিক মতপার্থক্যের কারণে দিনদিন ঝিমিয়ে পড়ছে সংগঠনের রাজনৈতিক কার্যক্রম। কোন্দল আর প্রকাশ্য বিরোধের এই আবহেই সংগঠনটির সাম্প্রতিক এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক সভায় নেতাকর্মীদের বড় একটি অংশ অনুপস্থিত ছিলেন। উপস্থিতি কম হওয়া ও সিনিয়র নেতাদের অনীহা দেখে সাধারণ কর্মীদের মনে প্রশ্ন উঠেছে—তবে কি বর্তমান ধারার রাজনীতির প্রতি আস্থাহীনতাই ফুটে উঠছে এই নীরবতায়?
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি সেমিনার কক্ষে নোবিপ্রবি শাখা ছাত্রদলের দ্বিতীয় সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ছাত্রদলকে গতিশীল ও সুসংগঠিত করা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মপরিকল্পনা নির্ধারণের উদ্দেশ্যে সভার ডাক দেওয়া হলেও বাস্তবের চিত্রটি ছিল ভিন্ন। কমিটির বিশাল বহরের বিপরীতে উপস্থিত ছিলেন মাত্র এক-তৃতীয়াংশ নেতাকর্মী, অর্থাৎ অর্ধেকেরও কম উপস্থিতিতে মোট সদস্যের প্রায় দুই-তৃতীয়াংশই অনুপস্থিত ছিলেন।
তৃণমূল নেতাকর্মীদের দাবি, একাডেমিক বা ব্যক্তিগত কারণ যা-ই দেখানো হোক না কেন, দীর্ঘদিনের বলয়ভিত্তিক রাজনীতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নির্দিষ্ট গণ্ডির প্রভাব তৈরি হওয়ায় ভেতরে ভেতরে দূরত্ব বাড়ছে। পদধারী নেতাদের একটি বড় অংশ দলের কর্মসূচিকে নিছক আনুষ্ঠানিকতা মনে করে নিজেদের গুটিয়ে রাখছেন।
তবে এই বিপুল অনুপস্থিতির বিষয়টিকে স্বাভাবিক ও ব্যক্তিগত ব্যস্ততা হিসেবে ব্যাখ্যা করেছেন শাখা ছাত্রদলের সভাপতি জাহিদ হাসান। তিনি বলেন, সবাই কি আর প্রোগ্রামে উপস্থিত থাকে? অনেকে নোয়াখালীতে নেই, বাড়িতে আছে, আবার কারও সেমিস্টার পরীক্ষা ছিল। তারা আমাদের তাদের সমস্যার কথা জানিয়েছে।
সভাপতি উপস্থিতির এই ঘাটতিকে পরীক্ষা বা শারীরিক অসুস্থতার দোহাই দিলেও, গুরুত্বপূর্ণ সভায় কমিটির অভিজ্ঞ ও সিনিয়র নেতৃবৃন্দের বড় অংশের অনুপস্থিতি সাধারণ ঘটনা নয় বলে মনে করছেন কর্মীরা।
বিষয়টিতে ভিন্ন সুর প্রকাশ পেয়েছে শাখা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি সাব্বির হোসেনের কণ্ঠে। তিনি বলেন, সাংগঠনিকভাবে এত বিপুলসংখ্যক নেতার একসঙ্গে অনুপস্থিত থাকা সাধারণ কোনো বিষয় বলে মনে হয় না। সাম্প্রতিক সময়ে দুই নেতার বহিষ্কারের বিষয়টি দায়িত্বশীলদের ওপর প্রভাব ফেলতে পারে। আবার বর্তমান নেতৃত্বের গতিপথ কিংবা সামগ্রিক পরিবেশের প্রতি অনিচ্ছাও এর কারণ হতে পারে।
গত ২ আগস্ট সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সহসভাপতি শাখাওয়াত হোসেন সায়েম ও প্রচার সম্পাদক খায়রুল আমান শাওনকে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল। এর আগে গত এপ্রিল মাসে সাবেক উপাচার্যের পদত্যাগ কর্মসূচিকে কেন্দ্র করে সিনিয়র সহসভাপতি সাব্বির হোসেনের ওপর অপর বলয়ের চড়াও হওয়ার ঘটনা ঘটে। সে ঘটনায় কেন্দ্র থেকে পাঁচ নেতাকে কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছিল।
সংগঠন সূত্র জানায়, নোবিপ্রবি ছাত্রদলে বর্তমানে একাধিক পৃথক বলয় সক্রিয় থাকায় সাধারণ কর্মীদের মধ্যে বিভাজন ও বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। গুরুত্বপূর্ণ সভায় নেতাদের এই অনুপস্থিতি মূলত শীর্ষ নেতৃত্বের প্রতি প্রচ্ছন্ন অসন্তোষের ইঙ্গিত। বলয়কেন্দ্রিক রাজনীতির বাইরে এসে নেতাকর্মীদের আস্থা ফেরাতে না পারলে আগামী দিনে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের কার্যক্রম আরও স্থবির হয়ে পড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।



