নিউমার্কেটে চাঁদা নিয়ে সংঘর্ষ, যুবদলের ৫ নেতাকে বহিষ্কার

পেশিশক্তি প্রদর্শন, চাঁদাবাজি ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের নিউমার্কেট থানার পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (১২ আগস্ট) জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি জানানো হয়।
বহিষ্কৃত যুবদল নেতারা হলেন—নিউমার্কেট থানার সদস্য সচিব কেএম চঞ্চল, যুগ্ম আহ্বায়ক মাহবুব, ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব শাহাদাত এবং যুগ্ম আহ্বায়ক ইফতেখার ও সুমন (চায়না সুমন)।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেশিশক্তি প্রদর্শন ও জনমনে আতঙ্ক সৃষ্টির সুনির্দিষ্ট অভিযোগে তাদের প্রাথমিক সদস্যপদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের বহিষ্কৃতদের সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি, দলীয় পরিচয় ব্যবহার করে চাঁদাবাজিসহ যে কোনো অপকর্মের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানানো হয়েছে। বহিষ্কৃতদের কোনো অপকর্মের দায় দল নেবে না বলেও এতে উল্লেখ করা হয়।
অন্যদিকে একই ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের পাঁচজন নেতাকর্মীকে বহিষ্কার করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। বহিষ্কৃতরা হলেন—ঢাকা কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক জুলহাস মৃধা, যুগ্ম আহ্বায়ক সুমন শিকদার, প্রিন্স খন্দকার এবং সদস্য সাগর খান ও মির্জা গোলাম রায়হান।
বিজ্ঞপ্তি ও স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় নিউমার্কেটের বলাকা সিনেমা হলের সামনে দোকান ও ভ্যানগাড়ি থেকে চাঁদা তোলার অভিযোগ ওঠে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কেএম চঞ্চলের অনুসারীদের বিরুদ্ধে। খবর পেয়ে ঢাকা কলেজ ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী সেখানে গিয়ে চাঁদা তোলায় বাধা দেন।
পরবর্তীতে যুবদল নেতা চঞ্চল ৪০ থেকে ৫০ জন অনুসারী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রদল কর্মীদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদল কর্মীদের ওপর হামলা চালানো হয়, এতে ঢাকা কলেজ ছাত্রদলের অন্তত ১০ জন আহত হন।
.png)


