চলমান ব্যাচের অধিকার নিয়ে ১৩ দফা দাবি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের

একাডেমিক অধিকার, মানসম্মত শিক্ষা ও আধুনিক উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিতে ১৩ দফা দাবি জানিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) শিক্ষার্থীরা।
রোববার (২৩ আগস্ট) দুপুরে ঢাকা কলেজ শহীদ মিনারের সামনে প্রতিবাদ সমাবেশে এ দাবি জানায় তারা।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, রাজধানীর সাতটি সরকারি কলেজ নিয়ে গঠিত এই নতুন বিশ্ববিদ্যালয়ে একাডেমিক উৎকর্ষ, গবেষণা ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ সৃষ্টির লক্ষ্য রয়েছে। কিন্তু শুধু নতুন ভর্তিই যথেষ্ট নয়। বর্তমানে যারা অধ্যয়নরত, তাদের ভবিষ্যতও নিশ্চিত করতে হবে।
সম্মেলনে ১৩ দফা দাবি তুলে ধরেন ঢাকা কলেজ শিক্ষার্থী সৈয়দ আব্দুল্লাহ আল হাসান।
দাবিগুলো–বিশ্ববিদ্যালয় উপযোগী শিক্ষকের ব্যবস্থা, অধ্যয়নরত শিক্ষার্থীদের একাডেমিক অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা, চলমান ব্যাচগুলোর অন্তর্ভুক্তির বিষয়ে কার্যকর সিদ্ধান্ত গ্রহণ, ডিজিটাল অ্যাক্সেস, বাংলা ও ইংরেজি-উভয় ভাষায় পাঠদান, আধুনিক ল্যাব সুবিধা নিশ্চিত, পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা চালু, পর্যাপ্ত ও নিরাপদ আবাসন ব্যবস্থা, গবেষণাবান্ধব পরিবেশ ও অবকাঠামো নির্মাণ এবং পর্যাপ্ত গবেষণা তহবিল চালু, সময়মতো ক্লাস-পরীক্ষা-ফলপ্রকাশ ও অন্যান্য কার্যক্রম সম্পন্ন, টিএসসি (ছাত্র-শিক্ষক কেন্দ্র) নির্মাণের উদ্যোগ।
দাবি জানানোর শেষে আব্দুল্লাহ বলেন, আমরা মনে করি, আধুনিক ও শিক্ষার্থীবান্ধব বিশ্ববিদ্যালয় গড়তে বর্তমান শিক্ষার্থীদের অধিকার ও সুযোগ নিশ্চিত করা জরুরি। আশা করি, কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে আব্দুল্লাহ জানান, সম্প্রতি উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলামকে নিয়ে কিছু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার বক্তব্যের ইতোমধ্যে ব্যাখ্যা প্রকাশিত হয়েছে। শিক্ষক-বুদ্ধিজীবীরা তার বক্তব্যের মর্ম ঠিকই বুঝতে পেরেছেন। অনেকে সংহতি জানিয়েছেন। আমরা শিক্ষার্থীরাও তার বক্তব্যে দ্বিমত করছি না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, উপাচার্য ও বিশ্ববিদ্যালয়কে নিয়ে কোনো চক্রান্ত আমরা মেনে নেব না।



