logo

জাবি মেডিকেল সেন্টারের নামফলক সরিয়ে নিলো প্রশাসন

জাবি মেডিকেল সেন্টারের নামফলক সরিয়ে নিলো প্রশাসন
প্রকল্পের উদ্বোধনের সময় নামফলকের ছবি, পরে যা সরিয়ে নেওয়া হয়েছে। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানের নামফলকে জাকসু সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলামের নাম থাকাকে প্রচলিত রীতির ব্যত্যয় হিসেবে উল্লেখ করে তা সরিয়ে নিয়েছে প্রশাসন।

রোববার (২০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয় হতে বিজ্ঞপ্তি প্রকাশের পর নামফলকটি সরিয়ে নেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাকসুর মেডিকেল সেন্টার আধুনিকায়ন প্রকল্প উদ্বোধন সম্পর্কিত নামফলকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নামের পাশাপাশি জাকসুর সাধারণ সম্পাদকের নামও উল্লেখ করা হয়েছে। এটি প্রচলিত রীতির ব্যত্যয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নামফলকটি প্রত্যাহারের সিদ্ধান্ত গ্রহণ করা হলো। এ বিষয়ে পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করা হবে।

এ বিষয়ে জাকসুর সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জানান, এ ধরনের প্রকল্পে সংশ্লিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করা যাবে না এমন কোনো নীতিমালা আমরা দেখিনি। মেডিকেল সেন্টার আধুনিকায়নে আমরা প্রায় ২৫ লাখ টাকার কাজ করেছি। দুটি ইমার্জেন্সি রুম আধুনিকায়ন, ওটি স্থাপন, পেশেন্ট ট্রলি, হুইলচেয়ার ও ১০ লাখ টাকার বেশি মূল্যের ল্যাব সরঞ্জাম দেওয়া হয়েছে। এসব কাজের বিষয়ে উপাচার্য, প্রো-উপাচার্য ও প্রধান চিকিৎসা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছিল এবং তাদের অনুমোদনও নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, নামফলকে আমার নাম থাকা কোনো স্বীকৃতির বিষয় নয়। নামটি না থাকলেও আমাদের কিছু যায় আসে না। কিন্তু শিক্ষার্থীদের জন্য কাজ করার পর শুধু একটি নাম থাকার কারণে নামফলক সরিয়ে নেওয়া দুঃখজনক। এর পরিবর্তে সবার উচিত শিক্ষার্থীদের জন্য আরও বড় পরিসরে কাজ করা। কোনো প্রশাসনিক বা রাজনৈতিক দ্বন্দ্বের কারণে যেন শিক্ষার্থীদের স্বার্থ ক্ষতিগ্রস্ত না হয়।সামান্য একটি নামফলককে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন অবস্থান আমাদের কাছে সংকীর্ণ মানসিকতার বহিঃপ্রকাশ বলে মনে হয়েছে।