logo
Advertisement

বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ব্যাখ্যা দিলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি

এশিয়া পোস্ট নিউজ, ঢাকা কলেজ
বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে ব্যাখ্যা দিলেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভিসি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

সম্প্রতি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত– হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন বিষয়ক মতবিনিময় সভায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলামের দেওয়া বক্তব্যের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারদের মধ্যে উদ্বেগ ও মনঃক্ষুণ্নতার সৃষ্টি হয়। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে বক্তব্যের প্রেক্ষাপট ব্যাখ্যা করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।

Advertisement

শনিবার (২২ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. শহীদুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ব্যাখ্যা দেওয়া হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্যের বক্তব্যের একটি খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সম্মানিত শিক্ষকবৃন্দের মধ্যে যে উদ্বেগ ও মনঃকষ্টের সৃষ্টি হয়েছে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়েছে। প্রকৃত প্রেক্ষাপট ও সম্পূর্ণ বক্তব্য বিবেচনায় না নেওয়ার কারণে এ বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য মূলত একজন শিক্ষকের উচ্চমাধ্যমিক স্তর থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষকতার ক্ষেত্র পরিবর্তনের সময় উচ্চশিক্ষার পাঠদানে যে বাস্তব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তা উদাহরণ হিসেবে তুলে ধরেছিলেন। বিষয়টি শিক্ষাব্যবস্থার একটি কাঠামোগত বাস্তবতার প্রতি ইঙ্গিত ছিল এবং অ্যাকাডেমিক পরিমণ্ডলে এটি আলোচিত ও স্বীকৃত একটি বিষয়। এ প্রসঙ্গে উপাচার্য সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে শিক্ষকদের জন্য পর্যাপ্ত প্রশিক্ষণ বরাদ্দ, পেশাগত উন্নয়নের সুযোগ সম্প্রসারণ এবং সার্বিকভাবে একটি সহায়ক ও মানসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। একইসঙ্গে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোতে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উচ্চশিক্ষায় সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকগণের যথাযথ পদায়নের গুরুত্বও তিনি তুলে ধরেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, উপাচার্যের বক্তব্যের মূল প্রতিপাদ্য ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মতো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর শিক্ষকদের উচ্চশিক্ষা ও প্রশিক্ষণ, গবেষণা এবং সক্ষমতা বৃদ্ধির সুযোগ নিশ্চিত করা। এর মাধ্যমে কোনোভাবেই শিক্ষকদের মর্যাদাহানি করার উদ্দেশ্য ছিল না। তবে সম্পূর্ণ বক্তব্যের একটি অংশমাত্র প্রচারিত হওয়ায় বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের সম্মানিত সদস্যরা মনঃক্ষুণ্ন হয়ে থাকলে উপাচার্য এ বিষয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

এতে আরও বলা হয়, দেশের শিক্ষা ব্যবস্থার বিকাশে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শিক্ষকবৃন্দের ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ অবদানের প্রতি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ পূর্ণ শ্রদ্ধাশীল।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবার আন্তরিক প্রচেষ্টা ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতেই নবপ্রতিষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি শিক্ষার মানোন্নয়ন এবং দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট সম্মানিত সদস্যদের সহযোগিতাও কামনা করছি।