সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্ভুক্তির দাবি ২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের

২০২১-২২ সেশনের শিক্ষার্থীদের ভবিষ্যৎ ও অধিকার রক্ষায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) অন্তর্ভুক্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সাতটি কলেজের ওই সেশনের শিক্ষার্থীরা।
বুধবার (১২ আগস্ট) বিকেলে ঢাকা কলেজের শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন তারা।
সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা বলেন, ডিসিইউ প্রতিষ্ঠিত হয়েছিল ঢাবি অধীভুক্ত বর্তমান শিক্ষার্থীদের অর্থাৎ ২১-২২, ২২-২৩ ও ২৩-২৪ সেশনের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার মান নিশ্চিতের জন্য। অথচ ২১-২২ সেশনের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করতে নানা নাটকীয়তা দেখা যাচ্ছে।
তিতুমীর কলেজের দর্শন বিভাগের ২০২১-২২ সেশনের ছাত্র এম এ মানিক এশিয়া পোস্টকে বলেন, আমরা দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের জন্য আন্দোলন করেছি। আমরা তো বিশ্ববিদ্যালয় পেয়েছি কিন্তু আমরা এখনও কোনো সমাধান পাইনি। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমাদের অন্তর্ভুক্ত করতে হবে।
এ সময় তিনি ডিসিইউ সংশ্লিষ্টদের উল্লেখ করে বলেন, তারা আলোচনা বা মতবিনিময় সভার মাধ্যমে সময়ক্ষেপণ করছে। আপনারা যে বিশ্ববিদ্যালয়ের পদে এসেছেন, সেই বিশ্ববিদ্যালয় আমরা প্রতিষ্ঠা করেছি, আমরা আপনাদের চেয়ার দিয়েছি, আপনারা আমাদেরকে পরিচয় দিন।
এ সময় ২১-২২ সেশন থেকে প্রত্যেকটি সেশনকে দ্রুত সময়ের মধ্যে রোডম্যাপ দেওয়া এবং সেই রোডম্যাপ অনুযায়ী কালক্ষেপণ না করে বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্তসহ দ্রুত একাডেমিক প্রোগ্রাম শেষ করার দাবি জানান তিনি।
ঢাকা কলেজের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী মো. হোসাইন বলেন, ঢাবির অধীনে বিগত চার বছর ধরে শিক্ষার্থীরা নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছে, যার ফলে ভালো পরীক্ষা দিয়েও তারা কাঙ্ক্ষিত ফলাফল পাচ্ছে না। বিশেষ করে তাদের সনদে অ্যাফিলিয়েটেড শব্দ যুক্ত করে চরম বৈষম্য সৃষ্টি করা হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজনীয় ক্যাম্পাস, শ্রেণিকক্ষ, শিক্ষক, ভিসি ও প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। একইসঙ্গে সরকার, ইউজিসি ও ঢাবি কর্তৃপক্ষ মাইগ্রেশনের বিষয়ে সম্মত থাকার পরেও আমাদের অন্তর্ভুক্ত করা হচ্ছে না। কোনো প্রকার কালক্ষেপণ না করে দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অন্তর্ভুক্ত করার জোর দাবি জানাই।
সম্মেলন শেষে, তিতুমীর কলেজে শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার সব সেশনের সমন্বয়ে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করার ঘোষণা দেন। এ ছাড়া সমস্যার সুষ্ঠু সমাধান না আসলে শিক্ষা ভবন অভিমুখে বা মন্ত্রণালয় অভিমুখে কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।
.png)


