‘জুলাই-হাদী ব্যবসায়ী’ পোস্টে রাবির দুই শিক্ষার্থীর পাল্টাপাল্টি অভিযোগ

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জুলাই ব্যবসায়ী’ ও ‘হাদী ব্যবসায়ী’ উল্লেখ করে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষার্থীর মধ্যে পাল্টাপাল্টি অভিযোগের ঘটনা ঘটেছে। একে অপরের বিরুদ্ধে হুমকি ও হয়রানির অভিযোগ তুলে প্রক্টরের কাছে লিখিত আবেদন করেছেন তারা।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) একই বিভাগের শিক্ষার্থী ও ‘মঞ্চ ২৪’-এর কেন্দ্রীয় আহ্বায়ক ফাহিম ফারুকী সিফাতের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ জমা দেন। এর আগে, বুধবার (১২ আগস্ট) ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিফাত হোসেন প্রক্টরের কাছে প্রথম লিখিত অভিযোগ দেন।
সিফাতের দাবি, কয়েক দিন আগে নিজের ফেসবুক প্রোফাইলে ‘জুলাই ব্যবসায়ী ও হাদী ব্যবসায়ী’ উল্লেখ করে একটি পোস্ট দেন তিনি। সেখানে কোনো নির্দিষ্ট ব্যক্তি, সংগঠন বা পেজের নাম ছিল না। তবে পোস্টটির পর থেকেই তিনি বিভিন্ন মাধ্যমে হুমকি পেতে শুরু করেন।
অভিযোগে সিফাত উল্লেখ করেন, ফাহিম ফারুকী তাকে ১০ লাখ টাকার মানহানি মামলা করার হুমকি দেন এবং অসংলগ্ন আচরণ করেন। এ ছাড়া ডিজিএফআই ও এনএসআইকে দিয়ে তুলে নেওয়া এবং ‘বর্তমান প্রশাসন আমার পকেটে’ বলে হুমকি দেওয়ার অভিযোগও তোলেন সিফাত।
তবে সিফাতের অভিযোগ অস্বীকার করে ফাহিম ফারুকী বলেন, উল্টো তিনি আমাকে হুমকি দিয়েছেন। বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করেছি। যেহেতু বর্তমান প্রেক্ষাপটে আমি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, তাই নিরাপত্তার স্বার্থে বিষয়টি প্রশাসনের নজরে আনা প্রয়োজন মনে করেছি।
এদিকে প্রক্টরের কাছে দেওয়া পাল্টা অভিযোগে ফাহিম ফারুকী দাবি করেন, সিফাত সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে গালিগালাজ, মানহানিকর বক্তব্য ও ক্ষতির হুমকি দিয়েছেন। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ফাহিম অভিযোগের নিরপেক্ষ তদন্ত, তথ্য-প্রমাণ পর্যালোচনা করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং নিজের নিরাপত্তা নিশ্চিত করার আবেদন জানান।
এ বিষয়ে রাবি প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, সিফাতের লিখিত অভিযোগের পর তার সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। পরে ফাহিম ফারুকীও অন্য একজনের মাধ্যমে একটি লিখিত অভিযোগ দিয়েছেন। ফাহিম বর্তমানে রাজশাহীর বাইরে আছেন; তিনি ফিরলে দুজনকে একসঙ্গে ডেকে বক্তব্য শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



