দুই মাস পর বাতিল হলো শাবিপ্রবির কোষাধ্যক্ষ পদের নিয়োগ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কোষাধ্যক্ষ পদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হক যোগদান না করায় দুই মাস পর নিয়োগ বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের গত ১৭ আগস্টের প্রজ্ঞাপনের (ঙ)নং শর্ত মোতাবেক এবং সমাজ বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহ মো. আতিকুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে কোষাধ্যক্ষ পদে নিয়োগ বাতিল করা হলো।
এর আগে গত ১৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭-এর ১৪(১) ধারা অনুযায়ী অধ্যাপক শাহ মো. আতিকুল হককে শাবিপ্রবির কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
কোষাধ্যক্ষ পদে যোগদানে অনিচ্ছা প্রকাশ করে অধ্যাপক আতিকুল হক তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লিখেন, সবাইকে বলছি, দয়া করে আমাকে অভিনন্দন জানাবেন না। আমি কোষাধ্যক্ষ হিসেবে এখনো যোগ দিইনি এবং যোগ দেওয়ার কোনো ইচ্ছাও আমার নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি আমার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছি।
নিয়োগ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, নানা জটিলতা ও মানসিক দ্বন্দ্বের মধ্য দিয়ে যাওয়া এবং অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলায় ব্যর্থ হওয়ার পর, আমার মনে হয় যে কাজটিতে আমি স্বাচ্ছন্দ্য ও সন্তুষ্টি বোধ করি, সেটাই চালিয়ে যাওয়া শ্রেয়। একজন মানুষ হিসেবে আমি আমার সাধ্যমতো সেরাটাই করার চেষ্টা করি। ২০০৬ সালে প্রভাষক হিসেবে যে কাজ শুরু করেছিলাম, তা আমি উপভোগ করি।