জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বেরোবি ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন

এশিয়া পোস্ট নিউজ, বেরোবি
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বেরোবি ছাত্রদলের মোমবাতি প্রজ্বালন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে বেরোবি ছাত্রদলের আয়োজনে মোমবাতি প্রজ্বলন করা হয়। ছবি: এশিয়া পোস্ট

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে (বেরোবি) মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

বুধবার (১ জুলাই) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের স্মরণ এবং তাদের অবদানের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

এ সময় বেরোবি শাখা ছাত্রদলের সভাপতি রাফায়েল ইমতিয়াজ ইয়ামিন বলেন, ‘আমরা শহীদদের চেতনা এবং ৩৬ জুলাই রেভুলেশনের স্পিরিট ধারণ করে রাখতে চাই। জুলাইয়ের কথা বারবার বলতে চাই এবং এর আদর্শকে রক্ষা করতে চাই। আমরা কখনো জুলাইকে বিক্রি করব না, বিক্রি হতেও দেব না। আমরা চাই জুলাইয়ের স্পিরিট নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক।’

তিনি আরও বলেন, ‘সারা বাংলাদেশের মানুষ শোষণ ও নিপীড়নের বিরুদ্ধে ৩৬ জুলাই যে আন্দোলন গড়ে তুলেছিল, তা দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্তি দিয়েছে। তাই জুলাইকে বারবার স্মরণ করতে হবে এবং এর চেতনাকে ধারণ করতে হবে। জুলাইয়ের স্পিরিট বেঁচে থাকলে ভবিষ্যতে কোনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।’

বিষয় :রংপুর