পাটের স্বর্ণযুগ ফেরাতে যবিপ্রবির দুই শিক্ষার্থীর অ্যাপ উদ্ভাবন

ঐতিহ্যবাহী পাটশিল্পের স্বর্ণযুগ ফেরাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ‘এআই ম্যাটেরিও’ উদ্ভাবনী মোবাইল অ্যাপ তৈরি করেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) দুই শিক্ষার্থী। তারা বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের দুই শিক্ষার্থী আব্দুল মালেক ও আল ইমরান।
‘ম্যাটেরিও’ নামের এই অ্যাপটি পাটভিত্তিক পরিবেশবান্ধব কম্পোজিট উপকরণ তৈরির নকশা, উপাদানের অনুপাত এবং প্রক্রিয়াজাতকরণের তথ্য মাত্র কয়েক সেকেন্ডে নির্ধারণ করতে সক্ষম। যেখানে প্রচলিত পদ্ধতিতে এসব তথ্য নির্ধারণে দীর্ঘ সময় ধরে ল্যাবভিত্তিক পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন হয়, সেখানে ইনভার্স এআই প্রযুক্তি ব্যবহার করে অ্যাপটি সময় ও ব্যয় উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনে।
ব্যবহারকারী কাঙ্ক্ষিত উপকরণের বৈশিষ্ট্য ইনপুট দিলে অ্যাপটি প্রয়োজনীয় পাটের তন্তুর পরিমাণ, তন্তুর দৈর্ঘ্য, উপকরণের নকশা এবং প্রক্রিয়াজাতকরণের নির্দেশনা তাৎক্ষণিকভাবে প্রদান করে। অ্যাপটির আরেকটি বিশেষত্ব হলো এটি সাধারণ স্মার্টফোনেই অফলাইনে ব্যবহার করা যায়, ফলে মাঠপর্যায়েও সহজেই এর সুবিধা পাওয়া সম্ভব।
উদ্ভাবক আব্দুল মালেক বলেন, আমরা চেয়েছি পাটের প্রচলিত ব্যবহার ছাড়িয়ে এটিকে আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প-উপাদান হিসেবে প্রতিষ্ঠিত করতে। এই অ্যাপ ল্যাবভিত্তিক গবেষণার সময় ও খরচ অনেক কমিয়ে আনবে। একজন প্রকৌশলী মাঠে বসেই মোবাইল ফোনের মাধ্যমে প্রয়োজনীয় উপাদানের সঠিক অনুপাত ও নকশা নির্ধারণ করতে পারবেন।
সহ-উদ্ভাবক আল ইমরান বলেন, দীর্ঘদিনের গবেষণা ও পরিশ্রমের ফল এই অ্যাপ। এর ওপর আমরা একটি আন্তর্জাতিক মানের গবেষণাপত্রও প্রস্তুত করেছি। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে এটি বাংলাদেশের গ্রিন টেকনোলজি, অটোমোবাইল এবং কম্পোজিট শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
উদ্ভাবকদের মতে, পাটভিত্তিক গবেষণা ও শিল্পোৎপাদনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে এবং পরিবেশবান্ধব প্রযুক্তির প্রসারে ‘ম্যাটেরিও’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে দেশের ঐতিহ্যবাহী পাটকে আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক ও মূল্য সংযোজিত শিল্প-উপাদান হিসেবে প্রতিষ্ঠায় অ্যাপটি কার্যকর অবদান রাখতে পারে।
.png)






