নোবিপ্রবির ৪ শিক্ষার্থীকে বহিষ্কার

সেমিস্টার ফাইনাল পরীক্ষায় মোবাইল ফোন ও অবৈধ কাগজপত্র ব্যবহার করে নকলের অভিযোগে চার শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) কর্তৃপক্ষ। একই সঙ্গে তাদের সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
গত ১৬ জুলাই অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের ৭০তম সভা এবং বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বোর্ডের ৪০তম ও ৪১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ফার্মেসি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১ম বর্ষ, ১ম টার্ম) এক শিক্ষার্থী কোর্সের পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকল করার দায়ে এক বছরের জন্য (দুই টার্ম) বহিষ্কৃত হয়েছেন। একই সঙ্গে তার সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
এ ছাড়া প্রাণিবিদ্যা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৪র্থ বর্ষ, ২য় টার্ম) এক শিক্ষার্থী কোর্সের পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার করে নকলের দায়ে এক বছরের জন্য (দুই টার্ম) বহিষ্কৃত হয়েছেন। তারও সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষা বাতিল করা হয়েছে।
অন্যদিকে এফটিএনএস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের (৪র্থ বর্ষ, ২য় টার্ম) এক শিক্ষার্থী কোর্সের পরীক্ষায় অবৈধ কাগজপত্র ব্যবহার করে নকল করায় ছয় মাসের জন্য (এক টার্ম) বহিষ্কৃত হয়েছেন। পাশাপাশি তার সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
একই অভিযোগে ফলিত গণিত বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১ম বর্ষ, ২য় টার্ম, এমএস) এক শিক্ষার্থী কোর্সের পরীক্ষায় অবৈধ কাগজপত্র ব্যবহার করে নকলের দায়ে ছয় মাসের জন্য (এক টার্ম) বহিষ্কৃত হয়েছেন। তার সংশ্লিষ্ট কোর্সের পরীক্ষাও বাতিল করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বহিষ্কৃত শিক্ষার্থীদের ওই সেমিস্টারের অন্যান্য পরীক্ষার ফল বহাল থাকবে। তবে বহিষ্কারের মেয়াদ শেষে পুনরায় অ্যাকাডেমিক কার্যক্রমে অংশ নিতে হলে প্রত্যেক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের সাইকোলজিস্টের অধীনে তিনটি মনস্তাত্ত্বিক কাউন্সিলিং সেশন সম্পন্ন করে প্রয়োজনীয় সনদপত্র জমা দিতে হবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের জন্য মনস্তাত্ত্বিক কাউন্সিলিং বাধ্যতামূলক করার কথাও জানানো হয়েছে।
.png)






