logo

‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ লেখা ধরিয়ে দেওয়া হলো সেই ছাত্রলীগ নেতাকে

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, ঢাকা বিশ্ববিদ্যালয়
‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ লেখা ধরিয়ে দেওয়া হলো সেই ছাত্রলীগ নেতাকে
জগন্নাথ হলের মাঠে ৪-৫ জন শিক্ষার্থী অর্কর হাতে একটি প্ল্যাকার্ড ধরিয়ে দেন। ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হল থেকে শাখা ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ সংগঠন) সাবেক নেতা অর্ক সাহাকে আটক করে শাহবাগ থানায় সোপর্দ করেছেন সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা। এর আগে তার হাতে ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ লেখা প্ল্যাকার্ড ধরিয়ে তাকে দিয়ে তা বলিয়েছেন তারা।

রোববার (১ নভেম্বর) বিকেল ৫টার দিকে ক্যানটিনে খাবার খেতে এলে তাকে আটক করা হয়। পরে শাহবাগ থানায় সোপর্দ করা হয় তাকে। অর্ক বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সমাজসেবা সম্পাদক।

‎

এদিকে অর্ককে আটকের পর তার হাতে প্ল্যাকার্ড ধরিয়ে দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা গেছে, তার হাতে একটি প্ল্যাকার্ড। তাতে লেখা রয়েছে ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’।

ভিডিওতে দেখা যায়, হলের মাঠে ৪ থেকে ৫ জন শিক্ষার্থী অর্ককে নিয়ে গিয়ে প্ল্যাকার্ডটি দেন। এ সময় তাকে প্ল্যাকার্ডটিতে লেখা ‘আপা আপনি ডিসেম্বরে আইসেন না’ বলতে বলেন শিক্ষার্থীরা। এটা না বলতে চাইলে তাকে নানা ধরনের হুমকি দেওয়া হলে তিনি তা বলেন। এ সময় তারা ‘ডিসেম্বরে আসিস না, পিঠের চামড়া থাকবে না’ও স্লোগান দেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, অর্ক রায় মাঝেমধ্যে হলে যাতায়াত করতেন। আজ বিকেলে হলের একটি ক্যানটিনে খাওয়ার সময় ছাত্রদলের নেতাকর্মীরা তাকে দেখতে পেয়ে আটক করেন। পরে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের উপস্থিতিতে তাকে শাহবাগ থানা–পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

‎

এ ঘটনায় জগন্নাথ হল ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ধ্রুব রায় জানান, হলের সিট না থাকলেও অর্ক সাহা দীর্ঘদিন ধরে রাতের আঁধারে লুকিয়ে হলে অবস্থান করছিলেন। রোববার দিনের বেলায় ক্যানটিনে তাকে দেখতে পেয়ে শিক্ষার্থীরা আটক করেন।

সম্প্রতি জগন্নাথ হলের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায়ও অর্কর সম্পৃক্ততা থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করেন এই ছাত্রদল নেতা।

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. দেবাশীষ পাল বলেন, ‘ছাত্রলীগের পদধারী কারও নামেই হলে সিট বরাদ্দ নেই, তাদের সবার সিট আগেই বাতিল করা হয়েছে। সে মাঝেমধ্যে হলে যাতায়াত করত বলে জানা গেছে। আজ তাকে দেখতে পেয়েই শিক্ষার্থীরা আটক করে। হলে এ ধরনের আরও কেউ অবৈধভাবে অবস্থান করছে কি না, তা প্রশাসন গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখবে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত শাস্তির বিষয়টি এখন সংশ্লিষ্ট প্রশাসন ও পুলিশ দেখবে।’

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, আটক অর্ক সাহা বর্তমানে থানা হেফাজতে রয়েছেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

অর্ক সাহা ২০২৪ সালের জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় করা একটি মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকর্মীর যে তালিকা প্রকাশ করা হয়েছিল, তার তালিকাভুক্ত আসামি।