বেরোবিতে ছাত্রলীগ নেতাকে মারধরের পর পুলিশে দিল ছাত্রদল

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সহ-সম্পাদক মীম নূর রশিদ মোহাম্মদ লিরিককে মারধরের পর বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়িতে সোপর্দ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ছাত্রলীগের ওই নেতাকে ঘিরে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে তাকে মারধর করে বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়।
জানা যায়, বেরোবি শাখা ছাত্রদলের সহ-সভাপতি তুহিন রানার বিরুদ্ধে মতিউর নামের এক শিক্ষার্থীর দেওয়া ফেসবুক পোস্টকে ঘিরে এই ঘটনার সূত্রপাত ঘটে।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. রাশেদ খান বলেন, ঘটনার পর পুলিশ তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এসে ফাঁড়ি থেকে তাকে নিজ হেফাজতে নেন। এরপর উভয় পক্ষের উপস্থিতিতে প্রক্টর তার কাছ থেকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। তবে প্রক্টর এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।




