logo
Advertisement

রাকসুতে হার, প্রতিশ্রুতি পূরণে রাবিতে ৭২৫ গাছ দিলেন আরিফ

রাকসুতে হার, প্রতিশ্রুতি পূরণে রাবিতে ৭২৫ গাছ দিলেন আরিফ
প্রতিশ্রুতি বাস্তবায়নে শিক্ষার্থীদের গাছ উপহার দিলেন আরিফ আলভী। ছবি : এশিয়া পোস্ট

রাকসু নির্বাচনে জয়ী হতে পারেননি, তবে প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়াননি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী আরিফ আলভী। নির্বাচনে যত ভোট পাবেন, ততটি গাছ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী। সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রথম ধাপে নিজের উপার্জনের অর্থে ১১ প্রজাতির ৭২৫টি গাছ দিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরে আয়োজিত এক কর্মসূচির মাধ্যমে এসব গাছ বিতরণ ও রোপণের উদ্যোগ নেওয়া হয়। এর মধ্যে কিছু গাছ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়েছে। অধিকাংশ গাছ বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকল্প শাখার কাছে হস্তান্তর করা হয়, যাতে সেগুলো যথাযথভাবে রোপণ ও পরিচর্যা করা যায়।

ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাকিবুল ইসলাম বলেন, রাকসু নির্বাচনের আগে আরিফ আলভী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যত ভোট পাবেন—জিতুন বা হারুন—ততগুলো গাছ ক্যাম্পাসে দেবেন। তার এমন পরিবেশবান্ধব ও শিক্ষার্থীবান্ধব উদ্যোগকে আমরা আন্তরিকভাবে সাধুবাদ জানাই।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাসনিম সুলতানা ঐশি বলেন, প্রতিটি ভোটের বিনিময়ে একটি করে গাছ দেওয়ার প্রতিশ্রুতি ছিল তার। এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। এখানে একাধিক গাছ নেওয়ার সুযোগ থাকলেও একটি গাছ ভালো লাগায় তিনি সেটিই নিয়েছেন।

এ বিষয়ে আরিফ আলভী বলেন, রাকসু নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে ৫৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। আমি ১ হাজার ৭২৫ ভোট পেয়েছিলাম। তখন প্রতিশ্রুতি দিয়েছিলাম, জিতি বা হারি, যত ভোট পাব, ততগুলো গাছ দেব।

তিনি আরও বলেন, প্রতিশ্রুতির ধারাবাহিকতায় প্রথম ধাপে ১১ প্রজাতির ৭২৫টি গাছ দিয়েছি। এগুলো নিজের উপার্জনের টাকা দিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতে ৬৪ জেলায় ১ হাজার ৭২৫টি করে গাছ দেওয়ার ইচ্ছা রয়েছে।