Advertisement

শিক্ষার্থীদের নিরাপত্তায় ববি প্রশাসনের এক দিনে দুই নোটিশ

এশিয়া পোস্ট নিউজ, ববি
শিক্ষার্থীদের নিরাপত্তায় ববি প্রশাসনের এক দিনে দুই নোটিশ
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: এশিয়া পোস্ট

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে একই দিনে দুটি পৃথক নোটিশ জারি করেছে। রোববার (১৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয় থেকে নোটিশ দুটি জারি করা হয়।

Advertisement

প্রথম নোটিশে বিশ্ববিদ্যালয় সংলগ্ন কীর্তনখোলা নদীতে শিক্ষার্থীদের গোসল ও সাঁতার কাটার বিষয়ে সতর্ক করা হয়েছে। নোটিশে বলা হয়, বর্ষা মৌসুমে নদীর স্রোত ও পানির গভীরতা বৃদ্ধি পাওয়ায় নদীতে গোসল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় দুর্ঘটনা ও প্রাণহানি ঘটতে পারে। তাই শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কীর্তনখোলা নদীতে গোসল, সাঁতার কাটা বা যে কোনো ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

অন্যদিকে, দ্বিতীয় নোটিশে ক্যাম্পাস থেকে রূপাতলী পর্যন্ত শিক্ষার্থীদের যাতায়াতের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত শাটল বাস সার্ভিস ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নোটিশে উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্যাম্পাসে যাতায়াতের পথে বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে রূপাতলী পর্যন্ত যাতায়াতের সময় শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। সবাইকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত বাস সার্ভিসের সর্বোচ্চ ব্যবহার করার অনুরোধ জানানো হয়।

প্রয়োজন ছাড়া অন্যান্য পরিবহনে যাতায়াত পরিহার করে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসে চলাচলের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা বজায় রাখা এবং সড়ক দুর্ঘটনার ঝুঁকি কমাতে সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতাও কামনা করেছে প্রশাসন।

দুটি নোটিশেই শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। নোটিশে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ।