‘ভিসি হিসেবে আল্লাহ আমাকে নিয়োগ করাইছে তারেক রহমানকে দিয়ে’

আরবি বিভাগের অধ্যাপক হয়ে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার বিষয়ে বক্তব্য দিয়েছেন পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পিবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদার। তিনি বলেন, আমাকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে আল্লাহ নিয়োগ করাইছে তারেক রহমানকে দিয়ে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ছোটবেলা থেকেই কোরআন ও রাসুলকে ভালোবেসেছি, সাধ্যমতো সেই অনুযায়ী আমল করার চেষ্টা করেছি। তোমরা তোমাদের নিয়ত সহিহ করো, আল্লাহ দুনিয়াতে ইজ্জত এবং সম্মান দেবে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে ঈদ-ই-মিলাদুন্নবি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে নিজের উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।
এসময় তিনি বলেন, অনেকে বলে ছবিরুল ইসলাম ভিসি হইল কেমনে? বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর দেবে হাসিনার স্বামী ড. ওয়াজেদ মিয়াকে। কবর থেকে আইনা ভিসি বানায়ে দেবে, তাহলে এটা সায়েন্স (বিজ্ঞান) হয়ে যাবে, নাহ।
অধ্যাপক ছবিরুল ইসলাম হাওলাদার বলেন, আমি যখন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেলাম, তখন পিরোজপুরের ফেসবুক পুরো গরম হয়ে গেছে, ফেসবুক পুরা আগুন, পত্রপত্রিকা জ্বলছে। কিছু লোকের মধ্যে খালি জ্বালা-যন্ত্রণা।
উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ছবিরুল ইসলাম হাওলাদারকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই বিষয়টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে আলোচনা-সমালোচনা হয়।
