আলাদিনের চেরাগ থাকলে মেয়েদের জন্য ৮-১০টি হল বানাতাম: শাবিপ্রবি উপাচার্য

এশিয়া পোস্ট নিউজ, শাবিপ্রবি
আলাদিনের চেরাগ থাকলে মেয়েদের জন্য ৮-১০টি হল বানাতাম: শাবিপ্রবি উপাচার্য
নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম। ছবি: এশিয়া পোস্ট

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. খায়রুল ইসলাম বলেছেন, ‘আমার কাছে আলাদিনের চেরাগ থাকলে আমাদের মেয়ে শিক্ষার্থীদের থাকার জন্য আট-দশটি আবাসিক হল বানিয়ে নিতাম।’

রোববার (৫ জুলাই) বিকেল ৬টায় কেন্দ্রীয় মিলনায়তনে বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের উদ্যোগে আয়োজিত নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ‘অনুরণন’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় আক্ষেপ প্রকাশ করে উপাচার্য বলেন, ‘ছেলেরা প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে। কিন্তু মেয়েদের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। বর্তমানে বিশ্ববিদ্যালয় পুরোপুরি আবাসিক না হওয়ায় ইচ্ছা থাকলেও সব শিক্ষার্থীকে হলে রাখা সম্ভব হচ্ছে না।’

এ সময় তিনি বলেন, ‘শিক্ষকদের জন্য নির্মাণাধীন ১১ তলাবিশিষ্ট শিক্ষক কোয়ার্টারের কাজ শেষ হলে সেটি সাময়িকভাবে নারী শিক্ষার্থীদের আবাসনের জন্য বরাদ্দ দেওয়া হবে। এখানে প্রায় ৩০০ থেকে ৩৫০ জন শিক্ষার্থী থাকার সুযোগ পাবেন। বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ছাত্রী হলের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এ ব্যবস্থা বহাল থাকবে।’

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই পড়াশোনায় মনোযোগী হতে হবে। যেন শিক্ষাজীবন দ্রুত করে দ্রুত চাকরি, উদ্যোক্তা হওয়া কিংবা অন্য কোনো পেশায় প্রতিষ্ঠিত হয়ে নিজেদের সফল হিসেবে গড়ে পারো।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফাতেমা খাতুন, সাবেক বিভাগীয় প্রধান ও সৈয়দ মুজতবা আলী হলের প্রভোস্ট অধ্যাপক ড. আশরাফ সিদ্দিকী, শাহপরান হলের প্রভোস্ট অধ্যাপক ড. ইফতেখার আহমদ, কম্পিউটার এবং ইনফরমেশন সেন্টার এর পরিচালক অধ্যাপক ড. রেজোয়ান আহমেদসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।